ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্দেহর বশে নয়, প্রমাণিত হলেই শুধু পাতানো খেলার সঙ্গে জড়িত ব্যক্তি বা ক্লাবকে শাস্তি দেয়ার নিয়ম চালু রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে শনিবারের সভায়।
পেশাদার লিগ কমিটি শুধু সন্দেহ হলেই পাতানো খেলার সঙ্গে জড়িত ব্যক্তি বা ক্লাবকে শাস্তি দেয়ার নতুন বিধান তৈরি করেছিলো। শনিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তা অনুমোদনও দেয়া হয়েছিলো।
কিন্তু সাংবাদিকদের পাল্টা যুক্তির ফলে ‘হাস্যকর’ এই সিদ্ধান্ত থেকে সরে আসে বাফুফে। সভা শেষ হওয়ার দশ মিনিটের মধ্যেই সিদ্ধান্তটা পাল্টে ফেলে তারা। পাতানো খেলা প্রমাণিত হলেই শাস্তির নিয়মটি চালু রাখা হয়।
পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “দোষী প্রমাণিত না হলে কেউই শাস্তি পেতে পারে না। তাই আমরা ঐ সিদ্ধান্ত (সন্দেহবশত শাস্তি) থেকে সরে এসেছি।”
নির্বাহী কমিটির সাড়ে ৪ ঘন্টা দীর্ঘ সভায় আগামী ২৯ সেপ্টেম্বর বাফুফের বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকারও অনুমোদন হয়েছে শনিবার। যার ফলে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফএসের লিগ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে।
জাতীয় দলের কোনো ম্যাচ বা টুর্নামেন্টের আগে ক্লাব থেকে ফুটবলারদের ছেড়ে দেয়া বাধ্যতামূলক করেছে বাফুফে। প্রীতি ম্যাচের ক্ষেত্রে ৪৮ ঘন্টা এবং টুর্নামেন্টের ক্ষেত্রে ১৪ দিন আগে ফুটবলারদের ছেড়ে দিতে হবে ক্লাবগুলোকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোনো খেলোয়াড় তিনটি হলুদ কার্ড পেলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হবে। আর কেউ ৯টা হলুদ কার্ড পেলে তাকে নিবন্ধন বাতিল সংক্রান্ত কারণ দর্শানো নোটিশ দেয়া হবে।
পেশাদার লিগের একজন কোচের ‘বি’ লাইসেন্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক করেছে বাফুফে। আর সহকারী কোচদের থাকতে হবে ‘সি’ লাইসেন্স সার্টিফিকেট।
প্রতিটি ক্লাবকে মূল দলের বাইরে একটি করে অনূর্ধ্ব-১৬ দলও গড়তে হবে এখন থেকে। ভবিষ্যত ফুটবলার তৈরির জন্যই বাফুফের এই সিদ্ধান্ত।
এছাড়া পাতানো খেলার সঙ্গে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ হওয়া রহমতগঞ্জের গোলরক্ষক ইরান শেখের শাস্তি মওকুফ করেনি বাফুফে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী জানিয়েছেন, “আমরা তাকে অন্য ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। কিন্তু শাস্তি মওকুফ করার সিদ্ধান্ত নিতে পারি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫২ঘ.
bdnews24