২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে উয়েফা সুপার কাপ অ্যাতলেতিকোর

রাদামেল ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে উয়েফা সুপার কাপ জিতে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শুক্রবার রাতে মোনাকোতে তারা ৪-১ গোলে হারিয়েছে চেলসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 02:20 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাদামেল ফ্যালকাওয়ের হ্যাটট্রিকে উয়েফা সুপার কাপ জিতে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শুক্রবার রাতে মোনাকোতে তারা ৪-১ গোলে হারিয়েছে চেলসিকে। ইউরোপের দ্বিতীয়-সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকোর সামনে যে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসি দাঁড়াতে পারেনি, ম্যাচের ফলেই তা সুস্পষ্ট। গত সোমবার এবারের স্প্যানিশ লা লিগার প্রথম হ্যাটট্রিক করে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে দলকে ৪-০ গোলের সহজ জয় এনে দিয়েছিলেন কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। ঠিক তার পরের ম্যাচে অ্যাতলেতিকোর আরেকটি সহজ জয়ের নায়কও তিনি। মোনাকোর স্তাদে লুই টু-য়ে এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অ্যাতলেতিকোকে। ম্যাচের চতুর্থ মিনিটে ফ্যালকাওয়ের প্রচেষ্টা ফিরে আসে ক্রসবারে লেগে। তবে তার দু মিনিট পরই আদ্রিয়ান লোপেজের দুর্দান্ত পাস ধরে, প্রতিপক্ষের গোলরক্ষক পিয়েতর চেক ও ডিফেন্ডার ডেভিড লুইজকে বোকা বানিয়ে চমৎকার চিপে লক্ষ্যভেদ করেন ফ্যালকাও। ১৯ মিনিটে আরেকটি দারুণ গোল। ডান প্রান্তে বল ধরে, চেলসির বক্সের কাছাকাছি পৌঁছে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন ফ্যালকাও। হ্যাটট্রিকটা হয় বিরতির ঠিক আগে। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে তুর্কি মিডফিল্ডার আর্দা তুরানের পাস খুঁজে পায় ফ্যালকাওকে। তা থেকেই তৃতীয় গোলের জন্ম। ৬০ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিরান্ডার লক্ষ্যভেদ ৪-০তে এগিয়ে দেয় অ্যাতলেতিকোকে। ১৫ মিনিট পর চেলসির সান্ত্বনার গোলটি গ্যারি ক্যাহিলের। এটি অ্যাতলেতিকোর দ্বিতীয় উয়েফা সুপার কাপ জয়। দু বছর আগে ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপের মৌসুম-সূচক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলো তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩২৫ঘ.