ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ কঠিন গ্রুপে পড়লেও বার্সেলোনার গ্রুপ অপেক্ষাকৃত সহজ।
শুক্রবার রাতে মোনাকোতে অনুষ্ঠিত ড্রতে ‘ডি’ গ্রুপে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে তিন লিগ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি, নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডাম ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে।
‘জি’ গ্রুপে বার্সেলোনার তিন প্রতিপক্ষ পর্তুগালের বেনফিকা, রাশিয়ার স্পার্তাক মস্কো ও স্কটল্যান্ডের সেল্টিক।
গতবারের চ্যাম্পিয়ন চেলসিও তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। ‘ই’ গ্রুপে তাদের সঙ্গী ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস, ইউক্রেনের চ্যাম্পিয়ন শাখতার দোনেৎস্ক ও নবাগত ডেনমার্কের নর্সজায়েল্যান্ড।
চেলসির কাছে গতবারের ফাইনালে টাইব্রেকারে হেরে যাওয়া বায়ার্ন মিউনিখ খেলবে ‘এফ’ গ্রুপে, স্পেনের ভ্যালেন্সিয়া, ফ্রান্সের লিল্ ও বেলারুশের বাটে বরিসভের বিপক্ষে।
‘এইচ’ গ্রুপে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ পর্তুগালের ব্রাগা, তুরস্কের গ্যালাতাসারাই ও রোমানিয়ার সিএফআর ক্লুজ।
টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়ন এসি মিলান ‘সি’ গ্রুপে লড়বে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গ, বেলজিয়ামের আন্ডারলেখট ও আরেক নবাগত স্পেনের মালাগার বিপক্ষে।
‘বি’ গ্রুপে আর্সেনালের সঙ্গী জার্মানির শালকে, গ্রিসের অলিম্পিয়াকোস ও ফ্রান্সের মন্তপেলিয়ার। আর ‘এ’ গ্রুপের চার দল পর্তুগালের পোর্তো, ইউক্রেনের ডায়নামো কিয়েভ, ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই ও ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব।
১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া গ্রুপ পর্ব ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা।
ফাইনাল হবে আগামী বছরের ২৫ মে, লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। ওয়েম্বলিতে এটি তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় ফাইনাল। বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল ফেডারেশন ইংলিশ এফএ’র ১৫০ বছর পূর্তি উপলক্ষে জগদ্বিখ্যাত স্টেডিয়ামটি আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের দায়িত্ব পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩৪১ঘ.
bdnews24