ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার। বিদায় নিয়েছেন পঞ্চম বাছাই উইলফ্রেড সোঙ্গা।
দ্বিতীয় রাউন্ডে জার্মানির বিজোরেন পাওকে ৬-২, ৬-৩ ও ৬-২ গেমে সহজেই হারিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের ফেদেরার।
সাবেক চ্যাম্পিয়ন ও তিনবারের উইম্বলডন ফাইনালিস্ট যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক ইউএস ওপেন শেষে অবসরের ঘোষণা দিয়েছেন। উইম্বলডনের সর্বশেষ আসরে স্পেনের ডেভিড ফেরারের কাছে হারের পর থেকেই অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করেন সাবেক এই এক নম্বর খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বার্নার্ড টমিচের বিপক্ষে শুক্রবার রাতে খেলবেন রডিক।
তিনি বলেন, “আমার মনে হয় সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আমি সব সময় এখানেই শেষ করতে চেয়েছি। এখানে আমার পরিবার ও বন্ধুরা রয়েছে।”
রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে ৪-৬, ৬-৭ (৪), ৬-২, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে মার্ডি ফিস যোগ দেন রডিকের অবসর ঘোষণা অনুষ্ঠানে।
পুরুষ এককে বড় অঘটনের শিকার ফ্রান্সর সোঙ্গা। স্লোভাকিয়ার মার্টিন ক্লিজটানের কাছে ৬-৪, ১-৬, ৬-১ ও ৬-৩ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন তিনি।
ম্যাচ শেষে ক্লান্তিকেই দায়ী করে সোঙ্গা বলেন, “আমার মনে হয় প্রতিপক্ষকে তার অবস্থান থেকে সরিয়ে আনার মতো যথেষ্ট জোরে বল মারতে পরিনি। আমাদের প্রত্যেক সপ্তাহেই খেলতে হয়, আমি যন্ত্র নই।”
এছাড়াও দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ, স্পেনের নিকোলাস আলমাগরো ও ফার্নান্দো ভার্দাস্কো, ক্রোয়েশিয়ার মার্টিন সেলিক, কানাডার মিলোস রনিক, যুক্তরাষ্ট্রের জেমস ব্লেক এবং ফ্রান্সের জাইলস সিমোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯১৯ ঘ.
bdnews24