ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ সুপার কাপের আমেজ কাটতে না-কাটতেই ফুটবলের আরেকটি ‘মহাযুদ্ধ’। শুক্রবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী চেলসি ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদ।
ছবির মতো সুন্দর মোনাকোর স্তাদে লুই টু-য়ে এটি উয়েফা সুপার কাপের শেষ আয়োজন। ১৯৯৮ সাল থেকে প্রতিবার এই মাঠেই মৌসুম-সূচক টুর্নামেন্টটি হলেও ২০১৩ সাল থেকে এটি হবে ভিন্ন-ভিন্ন স্টেডিয়ামে।
১৪ বছর আগে সে সময়ের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছিলো কাপ উইনার্স কাপ চ্যাম্পিয়ন চেলসি। ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেটাই এখনো পর্যন্ত তাদের একমাত্র সাফল্য।
১৯৯৯ সালে বন্ধ হয়ে যায় ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয়-সেরা টুর্নামেন্ট কাপ উইনার্স কাপ। এরপর উয়েফা সুপার কাপে প্রতিদ্বন্দ্বিতা করতো চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা কাপ বিজয়ী। ২০০৯ সালে উয়েফা কাপের নাম হয় ইউরোপা লিগ।
চেলসির মতো অ্যাতলেতিকো মাদ্রিদও মাত্র একবারই সাফল্য পেয়েছে উয়েফা সুপার কাপে, দু বছর আগে চ্যাম্পিয়নস লিগ বিজয়ী ইন্টার মিলানকে হারিয়ে।
১৯৭২ সালে শুরু হওয়া প্রতিযোগিতাটি প্রথমে দুই লেগে অনুষ্ঠিত হলেও ১৯৯৮ সাল থেকে একটি ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারিত হচ্ছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম তিন ম্যাচেই জয় পাওয়া চেলসিকে শুক্রবার এগিয়ে না রেখে উপায় নেই।
চেলসির কোচ রবার্তো ডি মাত্তেও বলেন, “নিঃসন্দেহে শুক্রবার আরেকটি জয় দিয়ে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”
যদিও এবার চেলসিতে নেই তাদের চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক দিদিয়ের দ্রগবা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩১ঘ.
bdnews24