ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের শ্রীলঙ্কা যাওয়া প্রায় নিশ্চিত ছিলো। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পাল্টে জাতীয় দলকে নেপালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ‘ন্যাশনাল টিমস’ কমিটি।
বাফুফের সহ-সভাপতি ও ‘ন্যাশনাল টিমস’ কমিটির সভাপতি কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “সেপ্টেম্বরের মাঝামাঝি জাতীয় দলকে নেপালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। নেপাল ফুটবল ফেডারেশনকে ইতোমধ্যে চিঠিও দিয়েছি। তাদের কাছ থেকে মৌখিক আশ্বাস পাওয়া গেছে।”
“দিন-তারিখ চূড়ান্ত না হলেও ১৬ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল যাওয়ার কথা বাংলাদেশ দলের। নেপাল জাতীয় দল এবং একটি ক্লাব দলের সঙ্গে দুটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা তাদের,” যোগ করেন তিনি।
শ্রীলঙ্কা সফর বাতিলের কারণ জানিয়ে কাজী নাবিল বলেন, “কয়েক দিন পরই শ্রীলঙ্কায় শুরু হবে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এরপর সেখানে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। তাই ঐ সময়ে সেখানে যাওয়া ঠিক হবে না।”
আগামী এসএ গেমসকে সামনে রেখে জাতীয় দলের এই নেপাল সফর। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে দিল্লিতে এসএ গেমস হবে।
তারই প্রস্তুতির অংশ হিসেবে ৮১ জন ফুটবলারকে চারটি ভাগে ভাগ করে অনুশীলন শুরু হয়েছে। এখান থেকে গড়ে ওঠা জাতীয় দলের নেপালে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৪ঘ.
bdnews24