ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুক্তরাজ্যের টিনেজার লরা রবসনের কাছে হেরে ইউএস ওপেনের মহিলা এককে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন কিম ক্লিস্টার্স। মারিয়া শারাপোভাসহ অন্য ফেভারিটরা পা রেখেছেন তৃতীয় রাউন্ডে।
এখনো মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতে খেলবেন তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ক্লিস্টার্স। টাইব্রেকারে র্যাংকিংয়ের ৮৯ নম্বর খেলোয়াড় ১৮ বছর বয়সী রবসনের সঙ্গে পেরে উঠেন নি ২৯ বছর বয়সী এই বেলিজিয়ান। হেরে গেছেন ৭-৬ (৪) ও ৭-৬ (৫) গেমে।
ম্যাচ শেষে তিনি বলেন, “এখানে আমার কিছু সেরা ম্যাচ ও সেরা টেনিস খেলেছি। এই জায়গাটি আমাকে অনুপ্রাণিত করে। আমার মনে হয় অবসর নেয়ার এটাই সঠিক জায়গা। কিন্তু সেটা আজকেই হোক তা চাই নি।”
“আমি লড়াই করেছিলাম এবং তা সর্বোচ্চটা দিয়েই। কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট বলে প্রমাণিত হয় নি। এটা ছিল দারুণ এক সফর,” যোগ করেন তিনি।
সাবেক চ্যাম্পিয়ন রাশিয়ার শারাপোভা ৬-০ ও ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের ডমিনগুজে লিনোকে।
শীর্ষ বাছাই বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন বেলজিয়ামের কার্স্টেন ফেলিপকেনসকে। গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসুর ৬-৩ ও ৬-০ গেমে হারিয়েছেন রোমানিয়ার গেলোভিটস-হলকে।
এছাড়া জয় পেয়েছেন সপ্তম বাছাই চীনের লি না, একাদশ বাছাই ফ্রান্সের মারিয়ন বারতোলি, রাশিয়ার নাদিয়া পেত্রোভা ও চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা।
দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছেন রাশিয়ার আনাস্তিয়া পাভলিচেঙ্কোভা ও বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৩৫ ঘ.
bdnews24