২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবু দল নিয়ে গর্বিত ভিলানোভা

বার্সেলোনার প্রধান কোচ হিসেবে এটাই টিটো ভিলানোভার প্রথম মৌসুম। শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারালেও দলের খেলায় তিনি সন্তুষ্ট, গর্বিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার প্রধান কোচ হিসেবে এটাই টিটো ভিলানোভার প্রথম মৌসুম। শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা হারালেও দলের খেলায় তিনি সন্তুষ্ট, গর্বিত। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ৩-২ গোলে জিতে টানা চতুর্থ বারের মতো স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বপ্ন দেখছিলো বার্সা। কিন্তু বুধবার রিয়ালের সান্টিয়াগো বার্নাব্যুতে ১-২ গোলের হার তাদের সেই স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। দুই লেগ মিলে ফলাফল ৪-৪ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে চার বছর পর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটের মধ্যে রক্ষণভাগের ভুলে ২-০ গোলে পিছিয়ে পড়া এবং ২৮ মিনিটে আদ্রিয়ানোর লাল কার্ড বার্সেলোনার ব্যর্থতার প্রধান কারণ। বিরতির ঠিক আগে লিওনেল মেসির অসাধারণ ফ্রিকিক ব্যবধান কমালেও দ্বিতীয়ার্ধে তারা আর কাক্সিক্ষত গোলের দেখা পায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিলানোভা বলেন, “প্রথমার্ধে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা বিবেচনা করলে বলতে হবে, বার্সেলোনায় এটা ছিল আমার অন্যতম গর্ব করার মতো রাত।” “দশ জন নিয়েও আমরা খেলা নিয়ন্ত্রণ করেছি এবং পাঁচটি ভালো সুযোগ তৈরি করেছি। আমরা কখনো হাল ছেড়ে দেইনি। বরং দশ জন নিয়েও দারুণ লড়াই করেছি,” যোগ করেন বার্সার কোচ। শিষ্যদের প্রশংসা করার পাশাপাশি প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি ভিলানোভা। অন্যদিকে স্পেনের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রিয়ালের অধিনায়ক ও গোলরক্ষক ইকার ক্যাসিয়াস বলেন, “ন্যু ক্যাম্পে তারা (বার্সেলোনা) চতুর্থ গোল করার সুযোগ পেয়েছিলো। কিন্তু উল্টো আমরা আরেকটি গোল পেয়ে যাই। যা আমাদের সম্ভাবনাকেও বাঁচিয়ে রাখে।” “(বুধবার) প্রথমার্ধে আমাদেরই আধিপত্য ছিল। যদিও শেষ দিকে আমাদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে,” যোগ করেন স্পেনের অধিনায়ক। ২০০৮ সালের মে মাসের পর ঘরের মাঠে এটাই রিয়ালের প্রথম এল ক্লাসিকো জয়। এই মৌসুমে মরিনহোর দলের প্রথম জয়ও বটে। প্রথম তিন ম্যাচের দুটিতে হার এবং অন্যটি ড্র ভীষণ চাপের মধ্যে ফেলে দিয়েছিলো তাদের। দুঃসময়কে পেছনে ফেলতে পেরে দারুণ খুশি ক্যাসিয়াস। তিনি বলেন, “আমরা খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমাদের মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি। কিন্তু কখনো ভাগ্য আপনার পক্ষে থাকবে, কখনো থাকবে না। সবচেয়ে বড় কথা, আমরা সমর্থকদের এটা (সুপার কাপ) উপহার দিতে পেরেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৫ঘ.