ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। অর্থাৎ মাত্র ছয় দিন পরই ফুটবল-ভক্তরা আরেকটি এল ক্লাসিকোর রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আড়াইটায়।
গত বৃহস্পতিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগ বার্সেলোনা জিতেছিলো ৩-২ গোলে। যার অর্থ বুধবার জিততেই হবে রিয়ালকে। সেই জয় দুই গোলের ব্যবধানে হলে তো কথাই নেই, ১-০ বা ২-১ গোলে জিতলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে শিরোপা যাবে বার্নাব্যুতে।
স্প্যানিশ লা লিগার গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি। লিগে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। এরপর বৃহস্পতিবার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে গিয়েও চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠ থেকে ফিরতে হয়েছে হার নিয়ে।
ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই রোববার অপ্রত্যাশিতভাবে প্রতিবেশী গেটাফের মাঠে ২-১ গোলের আরেকটি হার!
দলের বাজে খেলায় ভীষণ ক্ষুব্ধ কোচ হোসে মরিনহো গেটাফের কাছে হারকে ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করেছেন।
কোচের সঙ্গে একমত রিয়ালের অধিনায়ক এবং গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও। তিনি বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে (গেটাফের বিপক্ষে) আমাদের পারফরম্যান্স যে ভালো ছিল না, সে ব্যাপারে আমরা কোচের সঙ্গে একমত।”
“এই ম্যাচটার কথা ভুলে গিয়ে আমাদের পরবর্তী ম্যাচের দিকে মনোনিবেশ করতে হবে। এখন আমাদের সামনে সুপার কাপের পরীক্ষা। আমাদের সামনে এখন নিজেদের উজাড় করে দিয়ে আগের তিনটি ম্যাচের কথা ভুলে যাওয়ার সুবর্ণ সুযোগ।”
সোমবার টটেনহাম হটস্পার থেকে পাঁচ বছরের জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। অনেকের ধারণা, তার সৃজনশীলতা এবং দক্ষতা পাল্টে দিতে পারে মরিনহোর দলের গতিপথ। বুধবার ঘরের মাঠে রিয়ালের জার্সি গায়ে অভিষেক হতে পারে মদ্রিচের।
রিয়ালের ঠিক বিপরীত অবস্থা বার্সেলোনার। টানা দুই ম্যাচ জিতে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের মিশন ভালোভাবেই শুরু করেছে তারা। বার্সার প্রধান কোচ হিসেবে প্রথম এল ক্লাসিকোতেই জয় পেয়ে টিটো ভিলানোভা জানিয়ে দিয়েছেন, পেপ গার্দিওলার রেখে যাওয়া দলকে সাফল্য এনে দিতে তিনি প্রস্তুত।
বার্সার জন্য সবচেয়ে বড় সুসংবাদ, লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স। গত কয়েক বছরের গোল-বন্যার ধারা বজায় রেখে লিগে ৪ বার এবং সুপার কাপের প্রথম লেগে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেছেন টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
বার্নাব্যুতে অবশ্য কার্লোস পুয়োলকে নাও পেতে পারে বার্সা। প্রথম লেগে খেলতে পারেননি বার্সার অধিনায়ক। রোববার ওসাসুনার বিপক্ষে শুরু থেকে খেললেও ৮১ মিনিটের সময় চোট পেয়ে চলে যান মাঠের বাইরে। বুধবার সতীর্থদের খেলা মাঠের বাইরে থেকেই দেখতে হতে পারে বার্সার সবচেয়ে অভিজ্ঞ ডিফেন্ডারকে।
চোট সমস্যায় রিয়ালও অস্বস্তিতে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাথায় চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া ডিফেন্ডার পেপের ফেরার অপেক্ষায় মরিনহোর দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০১০৮ঘ.
bdnews24