২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দলের লক্ষ্য গ্রুপের শ্রেষ্ঠত্ব

বিশ্ব হকি লিগে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এই লক্ষ্য নিয়ে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে ২১ সদস্যের বাংলাদেশ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব হকি লিগে বাংলাদেশের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এই লক্ষ্য নিয়ে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছে ২১ সদস্যের বাংলাদেশ দল। ৩১ অগাস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্ব হকি লিগের এশীয় অঞ্চলের গ্রুপ পর্বে বাংলাদেশের তিন প্রতিপক্ষ হংকং, থাইল্যান্ড ও স্বাগতিক সিঙ্গাপুর। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের। ১ সেপ্টেম্বর থাইল্যান্ড ও ২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সঙ্গে লড়াই। হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারী এই প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “কয়েক মাস আগে এএইচএফ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এই সাফল্য অব্যাহত রেখে সিঙ্গাপুরেও ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী।” খুব বেশি সময় না পেলেও জাতীয় দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মামুনুর রহমান চয়ন। তিনি বলেন, “সময় কম পেলেও যেটুকু পেয়েছি তা আমরা ভালোভাবে কাজে লাগিয়েছি। তাই প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে। আশা করি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাবো।” গ্রুপে আমাদের প্রধান প্রতিপক্ষ সিঙ্গাপুর। অবশ্য ব্যাংককে এএইচএফ কাপে আমরা তাদের হারিয়েছিলাম। এবারও তাদের হারানোর আশা করছি,” যোগ করেন চয়ন। কোচ মাহবুব হারুনও দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, “প্রস্তুতি ভালোই হয়েছে। ছেলেরা নিজেদের সাধ্যের সেরাটা দিতে পারলে আশা করি আমরা ভালো ফল পাবো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৭ঘ.