ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ লা লিগায় রোববার পিছিয়ে পড়েও জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরেই মাঠ ছেড়েছে।
ঠিক তিন দিন আগে পিছিয়ে পড়েও স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রিয়ালকে হারিয়ে দিয়েছিলো বার্সা। এবার ওসাসুনার মাঠে প্রায় ৬০ মিনিট ধরে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। বার্সার দুটি গোলই লিওনেল মেসির।
এস্তদিও এল সাদারে ১৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হোসেবা লরেন্তে। দীর্ঘ প্রতিক্ষা শেষে ৭৬ মিনিটে বার্সাকে সমতা মেসি। এই গোরের পর-পরই ফ্রান্সিসকো পুনালের লাল কার্ডে দশ জনের দলে পরিণত করে ওসাসুনাকে।
৮০ মিনিটে মেসির আরেকটি গোল বার্সার টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে।
গত আসরের চ্যাম্পিয়ন রিয়ালের নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয় নি। প্রথম ম্যাচে কোনো মতে ড্র করার পর এবার গেটাফের মাঠে ১-২ গোলে হেরেই গেল হোসে মরিনহোর দলটি।
২৭ মিনিটে গঞ্জালো হিগুয়েনের গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেন নি রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়রা। এর মধ্যে সবচেয়ে সহজ সুযোগ হাতছাড়া করেছেন মেসতু ওজিল। মাত্র ৪ গজ দূরে থেকেও বারে মারেন তিনি।
দ্বিতীয়ার্ধে গেটাফের অন্য চেহারা। রিয়ালের রক্ষণভাগের ব্যর্থতায় দারুণভাবে ফিরে আসে স্বাগতিকরা।
৫৩ মিনিটে ফ্রিকিক থেকে জুয়ান ভেলারার গোলে সমতা ফেরায় গেটাফে। এরপর রিয়াল আক্রমণে গেলেও ৭৫ মিনিটে আবদেল বারাডার গোলে উল্টো পিছিয়ে পড়ে দলটি। খেলার শেষ মিনিটে কয়েন্ট্রাওয়ের লাল কার্ড দশ জনের দলে পরিণত করে রিয়ালকে।
লিগে মাত্র দুই খেলা শেষে বার্সার চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে রিয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১০২৮ ঘ.
bdnews24