ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলান হেরে গেলেও জয় দিয়ে মৌসুম শুরু করেছে তাদের নগর-প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। রোববার ইতালিয়ান সেরি আ’য় নবাগত সাম্পদোরিয়ার কাছে ০-১ গোলে হেরে গেছে এসি মিলান। আর ইন্টার ৩-০ গোলে জিতেছে আরেক নবাগত পেসকারার বিপক্ষে।
পেসকারার মাঠে ১৭ মিনিটের সময় ইন্টারকে এগিয়ে দেন নেদারল্যান্ডসের মিডফিল্ডার ওয়েসলি øাইডার। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো।
৮১ মিনিটে মিলিতোর পাস থেকে তৃতীয় ও শেষ গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ্পে কোতিনহো।
ইন্টার জিতলেও তীব্র গরমের কারণে প্রায় অর্ধেক শূন্য সান সিরোতে সমর্থকদের হতাশ করেছে এসি মিলান। অতিথিদের জয়ের নায়ক আন্দ্রিয়া কস্তা। ৫৯ মিনিটে এই ডিফেন্ডারের হেড থেকেই সাম্পদোরিয়ার জয়সূচক গোলের জন্ম।
পিছিয়ে পড়ার পর রবিনহোকে নামিয়ে প্রতিপক্ষের ওপরে ভালোই চাপ সৃষ্টি করেছিলো মিলান। কিন্তু স্বাগতিকদের দুর্ভাগ্য, মারিও ইয়েপেস ও কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরে আসায় এবং শেষ মুহূর্তে উর্বি ইমানুয়েলসনের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডার গোল লাইন থেকে ফিরিয়ে দেয়ায় সমতায় ফিরতে পারেনি তারা।
প্রথম ম্যাচেই গতবারের রানার্সআপ মিলানকে হারিয়ে দিলেও সাম্পদোরিয়ার এখন দুই পয়েন্ট। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িত থাকার অপরাধে এক পয়েন্ট কেটে নেয়া হয়েছে তাদের।
রোববারের অন্যান্য ম্যাচে লাৎসিও ১-০ গোলে আতালান্তাকে, শিয়েভো ২-০ গোলে বোলোনিয়াকে, জেনোয়া একই ব্যবধানে ক্যালিয়ারিকে এবং নাপোলি ৩-০ গোলে পালেরমোকে হারিয়েছে। আর রোমা ২-২ গোলে ড্র করেছে কাতানিয়ার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০০ঘ.
bdnews24