২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বিদায় জানালেন লিউংবার্গ

পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লিউংবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 06:30 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার ফ্রেডি লিউংবার্গ। ৩৫ বছর বয়সী লিউংবার্গ ১৯৯৮ থেকে ২০০৭ পর্যন্ত আর্সেনালের হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও তিনটি এফএ কাপের শিরোপা জিতেছিলেন। ১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৭৫ বার সুইডেনকে প্রতিনিধিত্ব করার কৃতিত্বও তার। ইউরো ২০০৮-এর বাছাই পর্বে লিউংবার্গ ছিলেন সুইডেনের অধিনায়ক। ইউরো ২০০৮ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। ক্লাব ফুটবলে লিউংবার্গের জীবনের স্মরণীয় অধ্যায় ২০০১-০২ মৌসুমে। সেবার ১৭ গোল করে আর্সেনালের ইংলিশ লিগ ও এফএ কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। তবে একটানা চোটের কারণে প্রথম একাদশে জায়গা হারিয়ে ২০০৭ সালে আর্সেনাল ছেড়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে যোগ দেন লিউংবার্গ। এরপর স্কটল্যান্ডের সেল্টিক, যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স ও শিকাগো ফায়ারে কাটানোর পর তার সর্বশেষ ঠিকানা ছিল জাপানের শিমিজু এস-পালস। গত ফেব্র“য়ারিতে দুই পক্ষের সমঝোতায় শিমিজুর সঙ্গেও চুক্তি ছিন্ন করেন তিনি। বিদায়বেলায় এক বিবৃতিতে লিউংবার্গ বলেন, “ফুটবল-জীবনের সমাপ্তি টানার সিদ্ধান্ত আমার জন্য এক অম্ল-মধুর অনুভূতি। প্রায় ছয় মাস ধরে চিন্তা-ভাবনা করার পর সিদ্ধান্তটা নিয়েছি।” “ফুটবলের কাছ থেকে প্রাপ্তি এবং ক্যারিয়ার জুড়ে অজস্র অসাধারণ মানুষের সঙ্গে পরিচিত হতে পেরে আমি সবার কাছে কৃতজ্ঞ”, যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০২৮ঘ.