ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জ্যামাইকার ¯িপ্রন্ট সম্রাট উসাইন বোল্ট ১৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বৃহস্পতিবার প্রত্যাশিত জয় পেয়েছেন লুসান ডায়মন্ড লিগের ২০০ মিটার দৌড়ে। ‘জীবন্ত কিংবদন্তি’র সতীর্থ ইয়োহান ব্লেক ৯.৬৯ সেকেন্ড সময় নিয়ে ইতিহাসের তৃতীয় সেরা টাইমিং স্পর্শ করে জিতেছেন ১০০ মিটার ¯িপ্রন্টে।
১০০ ও ২০০ মিটারে বিশ্ব ও অলিম্পিক রেকর্ডধারীর দিকেই বৃহস্পতিবার ছিল সবার নজর। নেদারল্যান্ডসের চুরান্ডি মার্টিনাকে পেছনে ফেলে ঠিকই ধরে রেখেছেন নিজের শ্রেষ্ঠত্ব।
গ্রেনাডার টিনেজ অলিম্পিক চ্যাম্পিয়ন কিরানি জেমস (৪৪.৩৭ সেকেন্ড) জিতেছেন ৪০০ মিটার ¯িপ্রন্টে। শুরুটা খুব একটা ভালো না হলেও শেষ ১০০ মিটারের দুর্দান্ত দৌড়ে সবাইকে পেছনে ফেলেন তিনি। তবে হাইজাম্পে কাতারের মুতাজ বারসিমের (২.৩৯ মিটার) কাছে হেরে গেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন ইভান উকভ (২.৩৭)।
অন্যদিকে ১১০ মিটার হার্ডলেসসে ফলস স্টার্টের কারণে ডিসকোয়ালিফাইড হয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিস মেরিট। সেই সুযোগে লন্ডনে রুপা জেতা তার স্বদেশী জ্যাসন রিচার্ডসন ১৩.০৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন সোনা।
অলিম্পিক জয়ের পর আপাতত বোল্টের লক্ষ্য চোট মুক্ত থেকে মৌসুম শেষ করা। বৃহস্পতিবার দৌড় শেষে বিবিসি টেলিভিশনকে তিনি বলেন, “এখানে দারুণ মজা হয়েছে। আমি গান শুনছিলাম, আর এটা এমনিতেই আমার কাছে এসেছে। এটা ছিল স্বতঃস্ফূর্ত।”
অলিম্পিকে ১০০ ও ২০০ মিটারে বোল্টের পেছনে থেকে রুপা জেতা ব্লেক এবার নিজের আলোয় উদ্ভাসিত। নিজের ব্যক্তিগত সেরা টাইমিংকে আরো ০.০৬ সেকেন্ড এগিয়ে নিয়ে পেছনে ফেলেছেন টাইসন গে, নেস্তা কার্টারদের।
বোল্ট নিজেই ব্লেকের মধ্যে দেখছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। অনুশীলন সহযোগীর ধারণার যে অমূলক নয়, লুসানে আবারো তার প্রমাণ দিলেন ২২ বছর বয়সী ব্লেক।
মহিলাদের ১০০ মিটারে মিলিমিটার ব্যবধানে ক্যামেলিয়া জেটারকে পেছনে ফেলে সোনা জিতেছেন শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। দুজনই দৌড় শেষ করেন ১০.৮৬ সেকেন্ড সময় নিয়ে।
মহিলাদের ৮০০ মিটারে অলিম্পিক সোনা জয়ী রাশিয়ার মারিয়া শাভিনোভা হেরে গেছেন কেনিয়ার পামেলা জেলিমোর কাছে।
মহিলাদের ট্রিপল জাম্পে বিশ্ব চ্যাম্পিয়ন ওলহা সালাদুখাকে আবারো হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন কাজাখস্থানের ওলগা রিাপাকোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৫৪ ঘ.
bdnews24