ঢাকা, ২১ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেলে ও ডিয়েগো ম্যারাডোনার সম্পর্কের টানাপোড়েনের কথা কারো অজানা নয়। দুই ফুটবল-কিংবদন্তির মাঝে অবিরাম চলা কথার লড়াইয়ের আগুনে আবার ঘি ঢাললেন পেলে। তার মতে, নেইমারের পক্ষে ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে ফুটবল-দক্ষতায় পেছনে ফেলে দেয়া সম্ভব।
সাও পাওলোতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে পেলে বলেন, “আমার কাছে ম্যারাডোনা দুর্দান্ত ফুটবলার ঠিকই, কিন্তু সে শুধু তার বাঁ পা ব্যবহার করতো। এক্ষেত্রে মেসি তাকে অনুকরণই করে বলা যায়। সম্পূর্ণ ফুটবলার হয়ে উঠে নেইমারের পক্ষে দুজনকেই পেছনে ফেলে দেয়া সম্ভব।”
তিন বারের বিশ্বকাপ বিজয়ী এমন কথা বললেও সাফল্যের বিচারে ম্যারাডোনা তো বটেই, মেসিও নেইমারের চেয়ে অনেক-অনেক ব্যবধানে এগিয়ে। টানা তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি সন্দেহাতীতভাবে এই সময়ের সেরা ফুটবলার।
বার্সেলোনার সা¤প্রতিক সাফল্যে আর্জেন্টাইন ফুটবল-বিস্ময়ের বিশাল অবদান। এমনকি গত ডিসেম্বরে মুখোমুখি লড়াইয়েও নেইমার পাত্তা পাননি মেসির কাছে। জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেসির বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিলো নেইমারের সান্তোসকে। পুরো ম্যাচে আলো ছড়িয়ে দুই গোল করেছিলেন মেসি। অন্যদিকে নেইমার ছিলেন সম্পূর্ণ অনুজ্জ্বল।
তবু নেইমারে অগাধ আস্থা পেলের। যদিও নেইমার তার অবিশ্বাস্য ১,২৮১ গোলের রেকর্ড ভাঙ্গতে পারবেন কিনা, সে ব্যাপারে ঠিক নিশ্চিত নন ব্রাজিলের জীবন্ত-কিংবদন্তি।
এ প্রসঙ্গে পেলে বলেন, “এ ব্যাপারে (রেকর্ড ভাঙ্গা) হ্যাঁ বা না বলা মুশকিল। তবে এটা খুবই কঠিন কাজ।”
“নেইমার একজন ব্যতিক্রমী ফুটবলার। তবে বেশ কিছু দায়িত্ব নেয়ার মতো যথেষ্ট পরিপক্বতা যে তার আছে, সেটাও প্রমাণ করতে হবে। অবশ্য সেই ক্ষমতা তার আছে,” যোগ করেন তিনি।
অলিম্পিকে ব্রাজিলকে আরাধ্য সোনা এনে দিতে না পারলেও লন্ডনে দর্শকদের মন জয় করে নিতে সমস্যা হয়নি নেইমারের। সেজন্য প্রযুক্তিকে বাহ্বা দিলেন পেলে। কিছুটা মজা করে তিনি বললেন, “এ যুগে একজন খেলোয়াড় ক্যামেরার সামনে দাঁড়িয়ে চুমু ছুড়ে দিলে তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের সময়ে পরিচিত হয়ে ওঠার জন্য আমাদের প্রত্যেকটি দেশে খেলতে হতো। শুধু মাত্র চাঁদে খেলতে পারিনি বলে আমি সেখানে বিখ্যাত হতে পারিনি!”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২২০৭ঘ.
bdnews24