ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনসিনাটির ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জেতা রজার ফেদেরার ছাড়িয়ে গেছেন তার শৈশবের স্বপ্নকে। অন্যদিকে মহিলা এককের ফাইনালে পিছিয়ে পড়েও অঞ্জেলিক কেরবারকে হারিয়ে শিরোপা জিতেছেন চীনের লি না।
শনিবার সেমিফাইনালে স্বদেশী স্টেনিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে ফেদেরার বলেছিলেন, “ছেলেবেলায়ও সিনসিনাটিতে পাঁচটি শিরোপা জেতার কথা কল্পনা করতে পারিনি। তবে এখন প্রথম ব্যাক্তি হিসেবে ঠিক তাই করার মতো অবস্থানে রয়েছি।”
ওয়ের্স্টান এন্ড সাউদার্ন ওপেনের রেকর্ড পঞ্চম শিরোপাটি জেতার পথে বিশ্বের দুই নম্বর সার্বিয়ার নোভাক জকোভিচকে ৬-০, ৭-৬ (৭) গেমে হারিয়েছেন তিনি।
৩১ বছর বয়সী সুইস তারকা ফেদেরারের সঙ্গে প্রথম প্রথম গেম জেতেন মাত্র ২০ মিনিটে। ম্যাচ শেষে ফেদেরার বলেন, “আমি একটা ভালো শুরু চেয়েছিলাম-কিন্তু এতোটা নয়।”
“এটা আমার জন্য আরেকটি ভালো সপ্তাহ। জাদুকরী এক গ্রীষ্মকাল কাটছে আমার। আমি এখন নিউ ইয়র্ক নিয়ে ভীষণ রোমাঞ্চিত,” যোগ করেন তিনি।
দ্বিতীয় গেমে অবশ্য দারুণ লড়েছেন জকোভিচ। বিশ্বের সেরা দুই খেলোয়াড় খেলছেন, এটা বোঝা গেছে তখনই। টাইব্রেকারে অনেক নাটকীয়তার পর দুই গেমে শিরোপা জিতে রাফায়েল নাদালের পাশে দাঁড়িয়েছেন ফেদেরার। দুজনেরই সব মিলিয়ে মাস্টার্স শিরোপা ২১টি করে।
সিনসিনাটিতে হারের কোনো প্রভাব বছরের শেষ গ্রান্ড স্ল্যাম ইউএস ওপেনে পড়বে না বলে মনে করেন জকোভিচ। তিনি বলেন, “ইউএস ওপেনের চেয়ে এখানকার কন্ডিশন সম্পূর্ণ আলাদা। এখানে বল ধীরে আসে। তাছাড়া শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য এখনও এক সপ্তাহ সময় পাচ্ছি। যা আমার ভীষণ প্রয়োজন।”
মহিলা এককের ফাইনালে প্রথম গেম ১-৬ ব্যবধানে হারলেও পরের দুটিকে ৬-৩ ও ৬-১ এ জিতে শিরোপা জেতেন লি না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৫৮ ঘ.
bdnews24