ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্প্যানিশ লা লিগায় নিজেদের প্রথম ম্যাচেই ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রোববার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হোসে মরিনহোর দল। অন্যদিকে লিওনেল মেসির জোড়া গোলে রিয়াল সোসিয়েদাদকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বার্সেলোনা।
দশম মিনিটেই আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইনের গোল উন্মাতাল করে তোলে সান্টিয়াগো বার্নাব্যুকে। কিন্তু ৪২ মিনিটে ব্রাজিলীয় স্ট্রাইকার হোনাস অলিভেইরার লক্ষ্যভেদ স্তব্ধ করে দেয় রিয়ালের প্রিয় মাঠকে।
বিরতির পর অনেক চেষ্টা করে, তিন জনকে বদলি হিসেবে নামিয়েও জয়সূচক গোলের দেখা পাননি রিয়ালের কোচ মরিনহো।
দিনের অন্য ম্যাচে রিয়াল বেতিস ৫-৩ গোলে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়েছে। লেভেন্তের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেতিক মাদ্রিদ।
ন্যূ ক্যাম্পে জয় দিয়েই শুরু হল পেপ গার্দিওলার উত্তরসূরী ও সাবেক সহকারী টিটো ভিলানোভার। জাভি হার্নান্দেজের ক্রস থেকে কার্লোস পুয়োলের দুর্দান্ত হেড ৪ মিনিটেই এগিয়ে দেয় বার্সেলোনাকে।
সমতা ফেরাতে বেশি সময় নেয়নি সোসিয়েদাদ। ৯ মিনিটে গঞ্জালো ক্যাস্ত্রোর গোলে সমতা ফেরায় দলটি।
দুই মিনিট পরেই গোল করে বার্সেলোনাকে আবারো এগিয়ে নেন মেসি। ৫ মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান আরো বাড়ান। গত মৌসুমে লিগ রেকর্ড ৫০ গোল করেন তিনবারের ব্যালন ডি’আর জেতা এই তারকা। গত মৌসুম যেখানে শেষ করেছিলেন এবার সেখান থেকেই যেন শুরু করলেন তিনি।
৪১ মিনিটে পেড্রো রড্রিগুয়েজের গোলে ৪-১ গোলে এগিয়ে যাওয় বার্সেলোনা প্রথম অর্ধেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে হ্যাটট্রিকের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত বল পার্শ্বজালে লাগলে হতাশই হতে হয় তাকে।
শেষ ১৫ মিনিটে বদলী হিসেবে ডেভিড ভিয়াকে নামান টিটো। গত ডিসেম্বরের পর প্রথম লিগ ম্যাচ খেলতে নেমে ৮৪ মিনিটে গোল করেছেন স্পেনের এই স্ট্রাইকার।
ম্যাচ শেষে মেসি বলেছেন, “গোল করতে আমি ভালোবাসি, তবে তার চেয়েও বেশি ভালোবাসি বার্সোলোনার জয় দেখতে।”
“প্রথম গোলের ক্ষেত্রে আমি ভাগ্যের কিছুটা সহায়তা পেয়েছি। আর দ্বিতীয় গোলের ক্ষেত্রে টেল্লো ছিলেন অসাধারণ,” দুই সম্পর্কে বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০৮৫৯ঘ.
bdnews24