ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সিকে হারিয়ে ভীষণ হতাশ, মর্মাহত আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার।
২ কোটি ২০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে ওল্ড ট্র্যাফোর্ডে গেছেন ফন পার্সি। শনিবার নিজেদের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আর্সেনাল। ঐ ম্যাচে গত বারের সর্বোচ্চ গোলদাতা ফন পার্সির অভাব ভালোই অনুভব করেছে ওয়েঙ্গারের দল।
ওয়েঙ্গার বলেন, “একজন শক্রর আরো শক্তিশালী হওয়া তাকে (ফন পার্সিকে) হারানোর আরেকটি নেতিবাচক দিক। আমরা এটা এড়াতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। সততার সঙ্গেই বলছি, আমি তাকে বরং বিদেশের কোনো ক্লাবে বিক্রি করতে চেয়েছিলাম। যেমন প্যারিস সেন্ট-জারমেইন।”
“ম্যানচেস্টার ইউনাইটেড ফন পার্সি এবং তার যোগ্যতা সম্পর্কে জানে। সে সত্যিই একজন ব্যতিক্রমী খেলোয়াড়,” যোগ করেন তিনি।
টানা আট বছর ধরে আর্সেনালে খেলার পর গত মাসে ফন পার্সি জানিয়ে দেন, লন্ডনের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর নবায়ন করবেন না।
গত মৌসুমে ইংলিশ লিগে ৩০টি গোল করা ফন পার্সির চলে যাওয়ার দুঃখ কিছুতেই ভুলতে পারছেন না ১৬ বছর ধরে আর্সেনালের কোচের দায়িত্বে থাকা ওয়েঙ্গার। তিনি বলেন, “ফন পার্সি অসাধারণ খেলোয়াড়। তার মতো খেলোয়াড়কে হারানো সব সময়ই দুঃখজনক। কিন্তু আমাদের অর্থনৈতিক বাস্তবতা এবং একজন খেলোয়াড়ের ইচ্ছার বিষয়টিও বিবেচনা করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২০৯ঘ.
bdnews24