২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাস্তির মেয়াদ বাড়লো হাম্মামের

অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্ত এখনো শেষ না হওয়ায় সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ আরো ২০ দিন বাড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত অভিযোগের তদন্ত এখনো শেষ না হওয়ায় সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ আরো ২০ দিন বাড়িয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রাথমিকভাবে হাম্মামকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো। কিন্তু এএফসির শৃঙ্খলা কমিটির সভাপতি লিম কিয়া টং নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার একদিন আগে (গত বুধবার) তা আবার বাড়ানোর সিদ্ধান্ত নেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাও নতুন করে হাম্মামের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ফিফা তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করায় ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’ অর্থাৎ ক্রীড়া-আদালতে এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন হাম্মাম। গত মাসে আদালত জানায়, হাম্মামের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের কোনো সুনির্দিষ্ট প্রমাণ তারা পায়নি। গত বছরের জানুয়ারিতে তৃতীয় এবং শেষবারের মতো এএফসি সভাপতি নির্বাচিত হয়েছিলেন ৬৩ বছর বয়সী হাম্মাম। গত বছরের জুনে ফিফার সভাপতি পদে সেপ ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠায় নির্বাচনের এক দিন আগে সরে দাঁড়ান হাম্মাম। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হন ব্ল্যাটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৫ঘ.