২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ম ভেঙ্গে ছবি তুলে বিপাকে ফেলপস

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম ভঙ্গ করে ফ্রান্সের একটি অভিজাত ফ্যাশন হাউজের জন্য ছবি তোলায় লন্ডন অলিম্পিকের পদক পর্যন্ত ফেরতে দিতে হতে পারে তাকে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে অতুলনীয় কীর্তি গড়ার আনন্দ উপভোগ করতে-করতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন সাঁতারের জীবন্ত-কিংবদন্তি মাইকেল ফেলপস। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নিয়ম ভঙ্গ করে ফ্রান্সের একটি অভিজাত ফ্যাশন হাউজের জন্য ছবি তোলায় লন্ডন অলিম্পিকের পদক পর্যন্ত ফেরতে দিতে হতে পারে তাকে! অলিম্পিকের নিয়মানুযায়ী, কোনো প্রতিযোগী বা দল ১৮ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত অলিম্পিকের স্পন্সর নয় এমন প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবে না। এই নিয়ম ভঙ্গ করা ব্যক্তি বা দলকে ডিসকোয়ালিফায়েড করা হতে পারে এবং পদক বা স্বীকৃতি আইওসিকে ফেরত দিতে হতে পারে। ‘লুই ভুইত্তঁ’ নামের ঐ ফ্যাশন হাউজের জন্য ছবিগুলো তোলেন প্রখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিৎস। গত সপ্তাহে ছবিগুলো ইন্টারনেটেও ছাড়া হয়। অবশ্য ‘লুই ভুইত্তঁ’ এবং ফেলপসের পক্ষ থেকে ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করার বিষয়টি অস্বীকার করা হয়। ১৬ অগাস্ট থেকে ওই ছবিগুলো কাজে লাগিয়ে নিজেদের পণ্য বাজারজাত করার কথা ছিলো ‘লুই ভুইত্তঁ’র । লন্ডন অলিম্পিকে চারটি সোনাসহ ৬টি পদক জেতেন ফেলপস। পঞ্চাশ-ষাট দশকের সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনার ১৮টি পদক জয়ের রেকর্ডকে ম্লান করে তিনি এখন অলিম্পিকে ২২টি পদক জয়ের অনন্য কীর্তির অধিকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩০০ঘ