২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যঙ্গচিত্র ও ম্যারাডোনার ক্ষতিপূরণ মামলা

অনুমতি না নিয়ে অনলাইনের গেমিং সাইটে তার নাম ও ছবি ব্যবহার এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনের জন্য চীনের দুটি ইন্টারনেট কোম্পানির বিরুদ্ধে ৩২ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ডিয়েগো ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2012, 03:20 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমতি না নিয়ে অনলাইনের গেমিং সাইটে তার নাম ও ছবি ব্যবহার এবং ব্যঙ্গচিত্র প্রদর্শনের জন্য চীনের দুটি ইন্টারনেট কোম্পানির বিরুদ্ধে ৩২ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন ডিয়েগো ম্যারাডোনা। শুক্রবার বেইজিংয়ের একটি আদালতে এই মামলার শুনানিতে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি। চীনের সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। ইন্টারনেট কোম্পানি দুটো হলো বেইজিং সিনা ইন্টারন্যাশনাল ইমফরমেশন সার্ভিস কোম্পানি লিমিটেড এবং সাংহাই নাম্বার নাইন সিটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেড। আর্জেন্টিনা জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে ম্যারাডোনার একটি ব্যঙ্গচিত্র শুক্রবার সকাল পর্যন্ত ওই দুটি কোম্পানির গেমিং ওয়েব সাইটে পাওয়া গেলেও বিকেলের দিকে তা সরিয়ে ফেলা হয় বলে জানিয়েছে সিনহুয়া। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি ম্যারাডোনার চীন প্রতিনিধি ট্যাং কিংহুই। সম্প্রতি দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন ম্যারাডোনা। গুঞ্জন শোনা যাচ্ছে, চাকরি খুঁজতেই চীনে গেছেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। তবে গুঞ্জনটা উড়িয়ে দিয়ে ম্যারাডোনার প্রতিনিধি বলেন, “চীনের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে তারা (চীনের ফুটবল অ্যাসোসিয়েশন ও ম্যারাডোনা) কোনো আলোচনা করেননি। ম্যারাডোনা শুধু চান চীনের ফুটবলের উন্নতি হোক। বিশেষ করে তরুণ ফুটবলারদের সাহায্য করতে তিনি আগ্রহী।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৮ঘ.