ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের দলবদলে অধিকাংশ নির্ভরযোগ্য ফুটবলারকে হারাতে যাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়নরা তাই তরুণদের নিয়ে দল গড়তে যাচ্ছে।
দলবদল শুরু হওয়ার আগেই নির্ভরযোগ্যদের হারানোর শঙ্কায় স্বাভাবিকভাবেই মুক্তিযোদ্ধা হতবিহ্বল। কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন, “এক সঙ্গে বেশ কয়েক জন চলে যাওয়ায় আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নেয়ার মতো ফুটবলারও নেই। তাই আপাতত আমাদের নজর থাকবে তরুণ ফুটবলারদের দিকে।”
“ক্লাব সভাপতির সঙ্গে কথা বলে ঈদের পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো,” যোগ করেন তিনি।
কয়েক জনকে দিয়ে অবশ্য ক্ষতিটা পুষিয়ে নেয়ার চেষ্টা করছে তারা। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার শেখ রাসেলের জাহেদ পারভেজ চৌধুরী, ফয়সাল মাহমুদ, ডিফেন্ডার প্রদীপ বড়–য়া, ফরাশগঞ্জের স্ট্রাইকার জুয়েল রানা, বিজেএমসির স্ট্রাইকার বিপ্ল¬ব হোসেনকে আগামী মৌসুমে মুক্তিযোদ্ধার লাল জার্সি গায়ে দেখা যেতে পারে। সেই সঙ্গে ডিফেন্ডার জহিরুল ইসলামকে ধরে রাখছে তারা।
তবে মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় সমস্যা গোলরক্ষণে। মানিক আক্ষেপ নিয়ে বলেন, “এমন অবস্থা দাঁড়িয়েছে যে দলে একজনও গোলরক্ষক নেই।”
তবু চেষ্টা তো করতে হবে। মুক্তিযোদ্ধার কোচ জানান, “বিদেশি ও দেশি খেলোয়াড়দের নিয়ে মাঝারি মানের দল গড়তে পারলেও হয়তো লিগে কিছুটা লড়াই করে টিকে থাকা যাবে।”
মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় ক্ষতি করতে যাচ্ছে এ মৌসুমের চমক শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রাজন মিয়া এবং ডিফেন্ডার রেজাউল করিমকে ছিনিয়ে নিচ্ছে শেখ রাসেল।
এছাড়া ডিফেন্ডার আরিফুল ইসলাম, নাসিরউদ্দিন ও মিডফিল্ডার আলমগীর কবির রানা যোগ দিতে যাচ্ছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে।
আর ‘ঘরের ছেলে’ ফিরোজ মাহমুদ টিটু, আজমল হোসেন বিদুৎ ও রোকনুজ্জামান কাঞ্চনকে এবারো দলে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি মুক্তিযোদ্ধা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৬ঘ.
bdnews24