২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের জয়, নেদারল্যান্ডসের হার

ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও বুধবার রাতে প্রায় সব বড় দলেরই কেটেছে প্রীতি ম্যাচের ব্যস্ততায়। বিশ্বকাপ ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন জিতলেও বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস হেরে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও বুধবার রাতে প্রায় সব বড় দলেরই কেটেছে প্রীতি ম্যাচের ব্যস্ততায়। বিশ্বকাপ ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন জিতলেও বিশ্বকাপের রানার্সআপ নেদারল্যান্ডস হেরে গেছে। স্পেন ২-১ গোলে পুয়ের্তোরিকোকে, ইংল্যান্ড একই ব্যবধানে ইতালিকে, পর্তুগাল ২-০ গোলে পানামাকে এবং যুক্তরাষ্ট্র ১-০ গোলে সদ্য অলিম্পিক চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়েছে। বেলজিয়ামের কাছে ২-৪ গোলে হার মেনেছে নেদারল্যান্ডস। আর উরুগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। অতিথি স্পেন শুরু থেকেই চেপে ধরে ফিফা র‌্যাংকিংয়ের ১৩৮ নম্বর দল পুয়ের্তোরিকোকে। তবে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখলেও গোলের জন্য ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরো চ্যাম্পিয়নদের। সান্তিয়াগো কাজোরলা স্প্যানিয়ার্ডদের এগিয়ে দেয়ার তিন মিনিট পর ব্যবধান ২-০ করেন সেস ফ্যাব্রেগাস। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেললেও আর কোনো গোলের দেখা পায়নি স্পেন। উল্টো ৬৫ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন পুয়ের্তোরিকোর বদলি খেলোয়াড় মার্ক কিনত্রন। ইতালিকে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারের শোধ নেয়া ইংল্যান্ডের দুই গোলদাতা ফিল জাজিয়েলকা ও জারমেইন ডেফো। ইতালির একমাত্র গোলটি দানিয়েলে দি রসির। পানামার সঙ্গে পর্তুগালকে জয় এনে দিয়েছেন নেলসন অলিভেইরা ও ক্রিস্টিয়ানো রোনালদো। আর মেক্সিকোর মাঠে প্রথম জয় পাওয়া যুক্তরাষ্ট্রের গোলটি করেন মাইকেল ওরোজকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএনএল/এএআর/২২২১ঘ.