ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই দিনে জয়ের আনন্দে বিভোর দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তা-ও আবার প্রতিপক্ষের মাঠে। বুধবার এক প্রীতি ম্যাচে জার্মানিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। আর সুইডেনকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল।
আর্জেন্টিনা-জার্মানি
ফ্র্যাঙ্কফুর্টে ৩০ মিনিটে জার্মানির ১০ জনের দলে পরিণত হওয়া এবং লিওনেল মেসির পেনাল্টি মিসের নাটকীয়তা হতবাক করে দেয় সবাইকে।
আর্জেন্টিনার হোসে সোসাকে বক্সের মধ্যে ফেলে দেয়ার অপরাধে জার্মানির গোলরক্ষক রন-রবার্ট জিয়েলারকে লাল কার্ড দেখানোর পাশাপাশি পেনাল্টি দেন রেফারি। তবে বিস্ময়কর ভাবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই সময়ের সেরা ফুটবলার মেসি। গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের শট আটকে দেন বদলি গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান।
প্রথমার্ধের ইনজুরি সময়ে স্যামি খেদিরার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদ সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্নার ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেন খেদিরা।
৫২ মিনিটে মেসির গোলে ব্যবধান দ্বিগুন হয়। সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে ইদানীং আর্জেন্টিনার জার্সি গায়েও গোলের ফুলঝুরি ছোটাচ্ছেন মেসি। জার্মানির আগে সর্বশেষ চার ম্যাচেও জিতেছে ম্যারাডোনার দেশ। ওই চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ মেসির গোল ৮টি।
২-০ হওয়ার পরও মেসির নেতৃত্বে একের পর এক আক্রমণ করতে থাকে আর্জেন্টিনা।
৭৩ মিনিটে অনেক দূর থেকে নেয়া জোরালো শটে ব্যবধান ৩-০ করেন ডি মারিয়া। কিছুক্ষণ পর তা ৪-০ও হতে পারতো। পায়ের চোখধাঁধানো জাদুতে এক জনকে কাটিয়ে এবং দুজনের ফাঁক গলে বেরিয়ে শট নিয়েছিলেন মেসি। কিন্তু বল সাইড বারে লেগে ফিরে আসে।
৮১ মিনিটে ডিফেন্ডার বেনেডিক্ট হোয়েডেস একটি গোল ফিরিয়ে দিলেও জার্মানিকে তা সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারেনি।
জার্মানিকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়ে দারুণ খুশি মেসি। বিশেষ করে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারাই সবচেয়ে বেশি তৃপ্তি দিচ্ছে আর্জেন্টিনার অধিনায়ককে।
খেলা শেষে তিনি বলেন, “সবচেয়ে ভালো হচ্ছে আমরা টানা কয়েকটি ম্যাচ জিততে পেরেছি। গত কয়েক বছরে আমরা কেমন যেন এলোমেলো হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমরা পথ খুঁজে পেয়েছি।”
“জার্মানি বিশ্বের অন্যতম শক্তিশালী দল। কিন্তু ম্যাচের প্রায় দুই-তৃতীয়াংশ বাড়তি এক জনকে নিয়ে খেলার সুবিধা পেয়েছি আমরা। আর তা কাজেও লাগিয়েছি। পুরো ম্যাচ আমরাই নিয়ন্ত্রণ করেছি আর এই জয়ও আমাদের প্রাপ্য,” যোগ করেন বার্সেলোনা তারকা।
ব্রাজিল-সুইডেন
ব্রাজিল-সুইডেন ম্যাচটিই ছিলো স্টকহোমের রাসুন্দা স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন ফুটবল-কিংবদন্তি পেলে।
১৯৫৮ সালে এই স্টেডিয়ামেই সুইডেনকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জয়ের আনন্দে ভেসে গিয়েছিলো ব্রাজিল। ফাইনালে ৫-২ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করা ব্রাজিলের সাফল্যে বিশাল অবদান ছিলো তখন ১৭ বছরের তরুণ পেলের।
গত শনিবার অলিম্পিক ফুটবলের ফাইনালে মেক্সিকোর বিপক্ষে কিছুই করতে পারেননি নেইমার। তবে বুধবার তিনি ব্যতিব্যস্ত করে রাখেন প্রতিপক্ষের রক্ষণভাগকে।
১৮ মিনিটে নেইমারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। তবে ব্রাজিলের প্রথম গোলের রূপকার এই তারকা স্ট্রাইকারই। ৩২ মিনিটে তার ক্রস থেকে হেড করে লক্ষ্যভেদ করেন লিয়ান্দ্রো দামিয়াও। প্রথমার্ধে আর গোল হয়নি।
৭৫ মিনিটে দামিয়াওকে তুলে আলেসান্দ্রো পাতোকে মাঠে নামান মানো মেনেজেস। ৮৫ মিনিটে দানি আলভেসের কাছ থেকে পোস্টের সামনে বল পেয়ে যান পাতো। হেড করে ব্যবধান ২-০ করতে কোনো অসুবিধা হয়নি এসি মিলানের স্ট্রাইকারের।
দুই মিনিট পর আবার গোল। পাতোকে ফাউলের সুবাদে পেনাল্টি পায় ব্রাজিল। আর তা থেকে পাতোর আরেকটি গোল।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি সুইডেনের অধিনায়ক ও সবচেয়ে বড় তারকা জাতান ইব্রাহিমোভিচ।
খেলা শেষে ব্রাজিলের কোচ মেনেজেস বলেন, “আমাদের শক্ত জবাব দেয়ার প্রয়োজন ছিলো এবং আমার মনে হয় আমরা সেটা দিতে পেরেছি। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং ৩টি গোল করেছি। এটা ন্যায্য ফলাফল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/এএআর/২১৪৭ঘ.
bdnews24