ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দলবদল। দুই মাস ধরে চলা দলবদলে ১৫ অক্টোবর পর্যন্ত স্থানীয় ফুটবলারদের নিবন্ধন করা যাবে। বিদেশি ফুটবলারদের নিবন্ধনের শেষ তারিখ ৩০ অক্টোবর। এবারের লিগে অংশ নিচ্ছে ১০টি দল।
বেশ কয়েকটি বিতর্কিত বিষয় সামনে রেখে দলবদল আয়োজন করতে যাচ্ছে পেশাদার লিগ কমিটি। তার মধ্যে সবচেয়ে উল্লে¬খযোগ্য ‘পাতানো খেলা’।
ব্রাদার্স ইউনিয়ন-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ এখন তদন্তাধীন। ব্রাদার্সের ব্যবস্থাপক আমের খানের একটি বক্তব্য নিয়েও তদন্ত চলছে। সেই সঙ্গে ব্রাদার্স ও রহমতগঞ্জের বিতর্কিত ম্যাচ ‘নিষ্কলুষ’ প্রমাণিত হওয়া নিয়ে বিতর্ক তো আছেই।
পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী জানিয়েছেন, “দলবদলের পাশাপাশি আমরা তদন্ত চালিয়ে যেতে চাই। কোনো দল দোষী প্রমাণিত হলে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।”
“তবে শুধু তদন্তের জন্য দলবদল বন্ধ রাখা ঠিক হবে না। তাহলে ভবিষ্যতে লিগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে,” যোগ করেন তিনি।
অক্টোবরের শেষ সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ফুটবল মৌসুম। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা বাফুফের।
৩১ ডিসেম্বরের মধ্যে লিগের প্রথম লেগ শেষ করতে চায় বাফুফে। এর পর হবে মধ্যবর্তী দলবদল। ৬ জানুয়ারি থেকে দ্বিতীয় লেগ শুরু করে ২৮ ফেব্র“য়ারি লিগ শেষ করার লক্ষ্য পেশাদার লিগ কমিটির।
পয়েন্ট তালিকা অনুযায়ী গত লিগ থেকে অবনমন হয়েছে ফরাশগঞ্জ ও রহমতগঞ্জের। যদিও লিগ কমিটি এখনো পয়েন্ট তালিকার অনুমোদন দেয়নি। এ প্রসঙ্গে সালাম মুর্শেদী জানান, “আমরা আগামী সভায় পয়েন্ট তালিকার অনুমোদন দেবো। তবে ফরাশগঞ্জ ও রহমতগঞ্জের অবনমন হওয়া নিয়ে কোনো সংশয় নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০০৩২ঘ.
bdnews24