২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতি বিজড়িত রাসুন্দা স্টেডিয়ামে পেলে

সুইডেনের রাজধানী স্টকহোমের রাসুন্দা স্টেডিয়ামে ফিরে সুখস্মৃতির ভারে আক্রান্ত পেলে। ১৯৫৮ সালে এই স্টেডিয়ামেই বিশ্বকাপ ফাইনালে স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়ে ব্রাজিলের বিশ্ব জয়ের শুরু। যে সাফল্যে তখন ১৭ বছরের তরুণ পেলের বিশাল অবদান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইডেনের রাজধানী স্টকহোমের রাসুন্দা স্টেডিয়ামে ফিরে সুখস্মৃতির ভারে আক্রান্ত পেলে। ১৯৫৮ সালে এই স্টেডিয়ামেই বিশ্বকাপ ফাইনালে স্বাগতিকদের ৫-২ গোলে হারিয়ে ব্রাজিলের বিশ্ব জয়ের শুরু। যে সাফল্যে তখন ১৭ বছরের তরুণ পেলের বিশাল অবদান। ৫৮’র সেই ফাইনালের খেলোয়াড়রা তো কবেই অবসর নিয়েছেন। এবার অবসরে যাচ্ছে ইতিহাস গড়া রুসান্দা। বুধবার ব্রাজিল-সুইডেন প্রীতি ম্যাচটি রাসুন্দার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ উপলক্ষেই তিনটি বিশ্বকাপ জয়ী পেলে এখন সুইডেনে। ৫৪ বছর আগের আলোকোজ্জ্বল দিনটির কথা, ব্রাজিলকে প্রথম বিশ্বকাপ এনে দেয়ার স্মৃতি এখনো অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলারের মনে উজ্জ্বল। পেলে বলেন, “আমার সব মনে আছে। সবচেয়ে বেশি মনে পড়ছে, বিশ্বকাপ জেতার আগে ব্রাজিলের তেমন পরিচিতি ছিল না এখানে।” ব্রাজিলের চির পরিচিত ১০ নম্বর নয়, সুইডেনের ৫৮ নম্বর জার্সি পড়ে পেলে জানান, তখন স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে তাদের কেউই তেমন চিনতো না। এমনকি ব্রাজিলের পতাকাতেও ভুল ছিল। পরে বিশ্বকাপের আয়োজকদের ভুলটা ধরিয়ে দেন ’৫৮তে খেলোয়াড় ও ’৭০-এ কোচ হিসেবে বিশ্বকাপ জয়ী মারিও জাগালো। তবে ব্রাজিলিয়ান ফুটবলাররা নিজেদের চেনাতে সময় নেননি। সেমিফাইনালে পেলের হ্যাটট্রিকে ফ্রান্সকে উড়িয়ে দেয়ার পর বহু সুইডিশের মন জয় করে নিয়েছিলো ব্রাজিল। সে কথাও পেলের হৃদয়ে ভাস্বর। তিনি বলেন, “ব্রাজিল কয়েকটি ম্যাচে খুব ভালো খেলেছিলো। তাই অনেকেই ব্রাজিলকে উৎসাহিত করতে হর্ষধ্বনি দিত।” সুইডেনের ৭৭ বছর বয়সী রাইট উইঙ্গার কুর্ট হামরিন খেলেছিলেন সেই ফাইনালে। সময় তার স্মৃতিতে ধুলো ফেলে দিয়েছে। তবে এখনো ব্রাজিলের কিংবদন্তি-ফুটবলার গ্যারিঞ্চার কথা তার মনে আছে। তিনি বলেন, “নিঃসন্দেহে তিনি ছিলেন সেই সময়ের বিশ্ব সেরা রাইট উইঙ্গার।” পেলের সতীর্থ মাজোলা জানালেন, বর্তমান দলের চেয়ে তাদের ওপরে চাপ অনেক কম ছিল। তিনি বলেন, “ব্রাজিল ছাড়ার সময় আমাদের ওপরে কারোরই তেমন আত্মবিশ্বাস ছিল না। আমার এখনো মনে আছে, সেমিফাইনাল জেতার আগে কেউ আমাদের ওপরে আস্থা রাখতে পারেনি। এটা আমাদের চাপমুক্ত হয়ে বিশ্বকাপ জেতার পথে এগিয়ে দিয়েছিল।” স্টকহোমে নতুন একটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সুইডেনের প্রীতি ম্যাচ দিয়ে উদ্বোধন হবে স্টেডিয়ামটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৫০ঘ.