২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার শেখ রাসেলের চমকজাগানো দল

২০০৩ সালে ঢাকার প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম খেলতে এসেই রানার্সআপ হয়ে সবাইকে চমকে দিয়েছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। শুরুতে সাড়া জাগালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। অনেক দিন পর এবার তারা শক্তিশালী দল গড়তে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৩ সালে ঢাকার প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম খেলতে এসেই রানার্সআপ হয়ে সবাইকে চমকে দিয়েছিলো শেখ রাসেল ক্রীড়া চক্র। শুরুতে সাড়া জাগালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। অনেক দিন পর এবার তারা শক্তিশালী দল গড়তে যাচ্ছে। এবারের ফুটবল-মৌসুমে শেখ রাসেলের জার্সি গায়ে বেশ কয়েক জন তারকাকে দেখা যাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ঘর ভেঙে দল গড়ছে তারা। আবাহনী থেকে মিডফিল্ডার জাহিদ হোসেন, ডিফেন্ডার নাসিরুল ইসলাম, মামুন মিয়া ও আশরাফ কাদের লিঙ্কনকে নিয়ে আসছে শেখ রাসেল। চার জনই জাতীয় দলের নির্ভরযোগ্য ফুটবলার। মুক্তিযোদ্ধার ক্ষতি আরো বেশি। তাদের প্রথম একাদশের পাঁচ সদস্য, স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী, মিডফিল্ডার মামুনুল ইসলাম ও রাজন মিয়া এবং ডিফেন্ডার রেজাউল করিম যোগ দিতে যাচ্ছেন শেখ রাসেলে। এই পাঁচ জনও জাতীয় দলের সদস্য। জাতীয় দলের ৯ জন ছাড়াও বিজেএমসির গোলরক্ষক নেহাল হোসেনকে দলে নিতে যাচ্ছে শেখ রাসেল। সেই সঙ্গে গত বারে থাকা অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, মিডফিল্ডার ইমন বাবু, ইয়ামিন আহমেদ মুন্না, স্ট্রাইকার আনোয়ার হোসেন, সোহেল রানা ও মুরাদ হোসেন বাপ্পী তো আছেনই। এমন শক্তিশালী দল গড়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী শেখ রাসেলের কোচ মারুফুল হক। তিনি বলেন, “একটা ভারসাম্যপূর্ণ দল বলতে যা বোঝায়, এবার আমরা সেটাই গড়তে যাচ্ছি। তাই শিরোপা জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।” “আমাদের দলে কোনো বিভাগেই ঘাটতি নেই বলা যায়। সবচেয়ে শক্তিশালী স্ট্রাইকিং বিভাগ। এমিলি, মিঠুন, আনোয়ার ও সোহেল রানার মতো স্ট্রাইকারকে আমরা পাচ্ছি,” যোগ করেন মারুফুল। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরীরও দৃঢ় বিশ্বাস, এবার তাদের ঘরেই যাবে শিরোপা। তিনি বলেন, “গত ৯ বছরে কখনো রানার্স আপ, কখনো বা তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আমাদের। এবার আর তা চাই না। শিরোপা লড়াই নয়, এবার শিরোপা জয়ের মতোই দল গড়তে যাচ্ছি আমরা।” “কয়েক জন ভালো বিদেশি ফুটবলার আনলে আমাদের দল আরো সমৃদ্ধ হবে। এখন আমরা তারই খোঁজ করছি। মরক্কো, আর্জেন্টিনা, ব্রাজিল, ক্যামেরুন ও ঘানার বেশ কয়েক জন ফুটবলারের সঙ্গে কথা-বার্তাও চলছে,” যোগ করেন শেখ রাসেল ক্রীড়া চক্রর সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৫৪ঘ.