ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাথলেটিকস থেকে এসেছে বাহামার প্রথম সোনা। মৌসুম সেরা টাইমিংয়ের পরও তাদের পেছনে যুক্তরাষ্ট্র।
পুরুষদের ৪ী৪০০ মিটারে ২ মিনিট ৫৬.৭২ সেকেন্ড সময় নিয়ে বেইজিং অলিম্পিকের প্রতিশোধ নিল বাহামা। সেবার যুক্তরাষ্ট্রের পেছনে থেকে রুপা জিতে দেশটি। এবার ২ মিনিট ৫৭.০৫ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। জাতীয় রেকর্ড গড়া ২ মিনিট ৫৯.৪০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে ত্রিনিদাদ ও টোবাগো।
মহিলাদের ৪ী১০০ মিটার রিলেতে ৪০.৮২ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। জ্যামাইকা ও ইউক্রেন নতুন জাতীয় রেকর্ড গড়লেও যুক্তরাষ্ট্রের জেটার, ফেলিক্স, ম্যাডিসন ও নাইটের সঙ্গে পেরে উঠেনি।
৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকা রুপা ও ৪২.০৪ সেকেন্ড সময় নিয়ে ইউক্রেন ব্রোঞ্জ জিতেছে।
মহিলাদের ৫ হাজার মিটারে সোনা জিতেছেন ইথিওপিয়ার মেসার্ট ডিফার। ১৫ মিনিট ৪.২৫ সেকেন্ড সময় নিয়ে কেনিয়ার জেপকেমোই ভিভিয়ান চেরুইয়ট (১৫ মিনিট ৪.৭৩ সেকেন্ড) ও স্বদেশের তিরুনেশ দিবাবকে (১৫ মিনিট ৫.১৫ সেকন্ড) পেছনে ফেলেছেন তিনি।
৫ হাজার মিটারে এটি ডিফারের দ্বিতীয় সোনা। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে জেতার পর ২০০৮ সালে বেইজিংয়ে দিবাবার কাছে সোনা হারান তিনি।
মহিলাদের ১৫০০ মিটারে সোনা ও রুপা দুটোই জিতেছে তুরস্ক। ৪ মিনিট ১০.২৩ সেকেন্ড সময় আসলি আলপটেকিন কাকির সোনা ও ৪ মিনিট ১০.৪০ সেকেন্ড সময় নিয়ে গামজ বুলুত রুপা জিতেছেন। ৪ মিনিট ১০.৭৪ সেকেন্ড সময় নেয়া বাহরাইনের ইউসুফ মরিয়ম জামাল জিতেছেন ব্রোঞ্জ।
পুরুষদের পোল ভোল্টে ৫.৯৭ মিটার লাফিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন ফ্রান্সের রেনাউড লাভলেভি। জার্মানির বিজর্ন অট্টো (৫.৯১ মিটার) রুপা ও রাফায়েল হলজডিপি (৫.৯১ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের হ্যামার থ্রোয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছেন রাশিয়ার তাতিয়ানা লিসেনকো (৭৮.১৮ মিটার)। পোল্যান্ডের এনিটা লডারজিনিক (৭৭.৬০ মিটার) রুপা ও জার্মানির ব্রেটি হেইডার (৭৭.১২ মিটার) ব্রোঞ্জ জিতেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৫৫ ঘ.
bdnews24