ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরাধ্য সোনা জয়ে ব্রাজিলের সামনে শেষ বাধা মেক্সিকো। অলিম্পিক ফুটবলে প্রথম সোনা জয়ের কঠিন লক্ষ্য পূরণে শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে বিশ্বকাপের সফলতম দল।
১৯৮৪ ও ’৮৮ অলিম্পিকে রুপা জয়ই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সেরা সাফল্য। রোমারিও, রিভালদো, রবার্তো কার্লোস, রোনালদো, রোনালদিনহোর মতো তারকারাও ক্রীড়া-মহাযজ্ঞ থেকে দেশকে শিরোপা এনে দিতে পারেননি।
ব্রাজিলের এবং এবারের অলিম্পিক ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমারের চোখে এখন শুধু একটিই স্বপ্ন। তিনি বলেন, “আমরা এখানে সোনা জিততে এসেছি এবং তা থেকে এক ম্যাচ দূরে আছি। ফাইনালে আমরা শুধু নিজেদের কাজটি করতে চাই।”
শিরোপা খরা কাটানোর ব্যাপারে আশাবাদী ব্রাজিলের কোচ মানো মেনেজেসও। তিনি বলেন, “এটা আমাদের সোনা জয়ের তৃতীয় সুযোগ। আশা করি আগের দুটি ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিতে পারবো।”
“আমরা সবাই জানি আমাদের সোনা জিততেই হবে। ব্রাজিল প্রতিটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। তারা সব ম্যাচ, এমনকি প্রীতি ম্যাচেও জিততে চায়। আর এবার তো আরো বেশিই চাইছে। কারণ এই শিরোপা ব্রাজিল আগে কখনোই জিততে পারেনি,” যোগ করেন মেনেজেস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩৬ঘ.
bdnews24