২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের খরা ঘোঁচালেন ফেলিক্স

মহিলাদের ২০০ মিটার দৌঁড়ে টানা তিন আসরে সোনা জিতে ইতিহাস গড়া হল না জ্যামইকার স্প্রিন্টার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের। তাকে হতাশ করে আরাধ্য সোনা জিতে যুক্তরাষ্ট্রের দুই দশকের খরার অবসান ঘটিয়েছেন অ্যালিসন ফেলিক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 05:27 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলাদের ২০০ মিটার দৌঁড়ে টানা তিন আসরে সোনা জিতে ইতিহাস গড়া হল না জ্যামইকার স্প্রিন্টার ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনের। তাকে হতাশ করে আরাধ্য সোনা জিতে যুক্তরাষ্ট্রের দুই দশকের খরার অবসান ঘটিয়েছেন অ্যালিসন ফেলিক্স। ফ্যানি ব্যাংকার্স-কোয়েন (১৯৪৮), মারজোরি জ্যাকসন (১৯৫২), ব্রেটি কাথব্রেট (১৯৫৬), উইলমা রুডলফ (১৯৬০), রেনাটে স্টেচার (১৯৭২) ও ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নারের (১৯৮৮) পর ‘ডাবল’ অর্জনের সুযোগ ছিল দ্রুততম মানবী শেলি-অ্যান ফ্রেসার-প্রাইসের সামনে। তিনিও ব্যর্থ হয়েছেন। গত দুই অলিম্পিক আসরের রূপা জয়ী ফেলিক্স ২১.৮৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। ২২.০৯ সেকেন্ড সময় নিয়ে ব্যাক্তিগত সেরা টাইমিংয়ের পরও তার পেছনে থেকে রূপা জিতেছেন শেলি-অ্যান। ২২.১৪ সেকেন্ড সময় নিয়ে গত দুই আসরের সোনা জয়ী ভেরোনিকাকে (২২.৩৮) পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের ক্যামেলিটা জেটার (২২.১৪)। অ্যাথলেটিকসে বুধবার ছিল যুক্তরাষ্ট্রের সাফল্যের রাত। ৩টি সোনা এবং দুটি করে রূপা ও ব্রোঞ্জ জিতে ১২টি পদকের ৭টিই ঘরে তুলেছে তারা। এর মধ্যে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে সোনা-রূপা দুটিই যুক্তরাষ্ট্রের। ১১০ মিটার হার্ডলসে ১২.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্যাক্তিগত সেরা টাইমিং করে সোনা জিতেছেন এরিয়াস মেরিট। ১৩.০৪ সেকেন্ড সময় নিয়ে রূপা জেতেন জ্যাসন রিচার্ডসন। আর নতুন জাতীয় রেকর্ড গড়েও ব্রোঞ্জ জ্যামাইকার হানসেল পার্চমেন্টের। ফাইনালে গতবারের সোনাজয়ী ও বিশ্ব রেকর্ডধারী কিউবার ডেরন রোবেলস এগিয়ে থেকেও দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিং সমস্যার জন্য মাঝপথে থেমে যেতে বাধ্য হন। মহিলাদের লং জাম্পে ৭.১২ মিটার দূরত্ব লাফিয়ে রাশিয়ার এলেনা সোকোলোভা (৭.০৭ মিটার) ও স্বদেশের জ্যানি ডেলোয়াচকে (৬.৮৯ মিটার) পেছনে ফেলে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের ব্রিটনি রিজ। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে এই ইভেন্টে সোনা জিতলেন তিনি। এর আগে ১৯৮৮ সালে সিউলে প্রথম সোনা জেতেন জ্যাকি জয়ানার-কার্সি। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রকে হতাশ করে সোনা জিতেছেন রাশিয়ার নাতালিয়া অ্যান্তিউখ। ৫২.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্যাক্তিগত সেরা টাইমিং করে পেছনে ফেলেছেন মৌসুম সেরা টাইমিং করা দুই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের লাসিন্ডা ডেমুস (৫২.৭৭) ও চেক রিপাবলিকের জুজানা হেজনোভাকে (৫৩.৩৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১১২০ ঘ.