২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনার তীরে বিদ্ধ বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স-রহমতগঞ্জ বিতর্কিত ম্যাচের কোনো সুরাহা না করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমালোচনায় মুখর ফুটবলাঙ্গনের অনেকে। তাদের মতে ম্যাচটির ‘নিষ্কলঙ্ক’ ঘোষিত হওয়া পাতানো খেলাকেই আরো উৎসাহিত করবে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্রাদার্স-রহমতগঞ্জ বিতর্কিত ম্যাচের কোনো সুরাহা না করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সমালোচনায় মুখর ফুটবলাঙ্গনের অনেকে। তাদের মতে ম্যাচটির ‘নিষ্কলঙ্ক’ ঘোষিত হওয়া পাতানো খেলাকেই আরো উৎসাহিত করবে এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের ফুটবল। গত ২৫ জুলাই অনুষ্ঠিত ম্যাচটি পাতানো ছিল বলেই অনেকের বিশ্বাস। এ নিয়ে তিন মাস তদন্তের পর গত মঙ্গলবার হুমায়ুন খালিদের নেতৃত্বাধীন বিশেষ কমিটির দেয়া প্রতিবেদন প্রকাশ করে বাফুফে। প্রতিবেদনে ম্যাচটি পাতানো ছিল না বলে জানিয়েছে বিশেষ কমিটি। তবে ফুটবলাঙ্গনের অনেকেই এই প্রতিবেদন মানতে পারছেন না। সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালি সাব্বিরের মতে, বাফুফে কর্মকর্তারাই পাতানো খেলার হোতাদের শাস্তি দেয়ার ব্যাপারে আন্তরিক নন। তিনি বলেন, “তদন্ত কমিটি যে প্রতিবেদন প্রকাশ করেছে, আমার কাছে তা মনে হয়েছে কারো দ্বারা প্রভাবিত। বাফুফে কর্মকর্তারাই হয়তো পাতানো খেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে চান না।” “তথ্য-প্রমাণের ভিত্তিতে পেশাদার লিগ কমিটি গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে শাস্তি দিয়েছিলো। অথচ এবার ব্রাদার্স-রহমতগঞ্জ ম্যাচটি পাতানো ছিল কিনা, বিশেষ কমিটি তা প্রমাণ করতে পারেনি। এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না,” যোগ করেন সাব্বির। সাব্বিরের ধারণা, বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তারাই ফুটবলের উন্নয়নে অনাগ্রহী। এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা মুখে অনেক কথা বললেও আসল কাজ কিছুই করেন না। আসলে তারা ফুটবলকেই ভালোবাসেন না।” ফরাশগঞ্জের কোচ কামাল বাবু মনে করেন, বাফুফের প্রকাশ করা তদন্ত প্রতিবেদনটি শুধুই লোক দেখানো। তিনি বলেন, “বাফুফের বর্তমান কমিটির শাস্তি দেয়ার ক্ষমতাই নেই। কারণ তাদের মাথা পেশিশক্তির কাছে নত। তারা শুধু ছোট দলগুলোর ওপরে ছড়ি ঘোরাতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৪০ঘ.