২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মোহামেডান অপরাজিত চ্যাম্পিয়ন

ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো। তবে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়েই প্রিমিয়ার হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার লিগের শেষ ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে মোহামেডান জিতেছে সহজেই, ৩-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো। তবে ঊষা ক্রীড়া চক্রকে হারিয়েই প্রিমিয়ার হকি লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে উঠেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার লিগের শেষ ম্যাচে রাসেল মাহমুদ জিমির হ্যাটট্রিকে মোহামেডান জিতেছে সহজেই, ৩-১ গোলে। এবারের লিগে এটি ত্রয়োদশ আর জিমির দ্বিতীয় হ্যাটট্রিক। লিগে জিমির গোল-সংখ্যা ১৯টি। ১৪ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৪০ পয়েন্ট। তৃতীয় হওয়া আবাহনী লিমিটেডের সঙ্গেই শুধু একটি ম্যাচ ড্র করেছে তারা। রানার্সআপ ঊষার পয়েন্ট ৩৪। হকি লিগে এটা মোহামেডানের একাদশ শিরোপা। ১৯৭৯ সালে প্রথম বিভাগ লিগে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার পর ’৯৭ পর্যন্ত মোট ৭ বার শিরোপা জিতেছিলো ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। প্রিমিয়ার লিগ প্রবর্তন হওয়ার পর এটা তাদের চতুর্থ শিরোপা। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চতুর্থ মিনিটে জিমির চমৎকার গোলে এগিয়ে যায় মোহামেডান (১-০)। তবে ২ মিনিট পরই ঊষাকে সমতায় ফেরান পাকিস্তানি স্ট্রাইকার মোহাম্মদ ইমরান (১-১)। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর জিমির আরো দুই গোলে মোহামেডানের জয় এবং শিরোপা নিশ্চিত হয়ে যায়। চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি মোহামেডানের জার্মান কোচ গেরহার্ড পিটার। তিনি বলেন, “এটি দলের সমষ্টিগত প্রচেষ্টার ফসল। দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো খেলেছেন। তাই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। জিমি সময় মতো জ্বলে ওঠায় আজ সহজে জিততে পেরেছি।” আর ঊষার পাকিস্তানী কোচ তাহির জামান বলেন, “মোহামেডানের তুলনায় আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা কম। তারা অবশ্য চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৪ঘ.