ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরো খেলা হলে কী হতো, বলা মুশকিল। প্রথম সেট হেরে যাওয়ায় বেশ চাপেই ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। কিন্তু দ্বিতীয় সেটের শুরুতেই হাঁটুর চোটের কারণে সরে দাঁড়ান তার চীনা প্রতিপক্ষ জিন ওয়াং। তাই মেয়েদের এককে সাইনার হাতেই উঠেছে ব্রোঞ্জ।
অলিম্পিক ব্যাডমিন্টনে এটাই ভারতের প্রথম পদক।
প্রথম সেট ২১-১৮ পয়েন্টে জেতার পর দ্বিতীয় সেটে ১-০ পয়েন্টে এগিয়ে ছিলেন ওয়াং। কিন্তু চোটের কাছে হার মেনে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ বিশ্ব র্যাংকিংয়ে ৫ নম্বরে াকা সাইনার সাফল্যের মুকুটে আরেকটি অনন্য পালক। ২০১০ সালের কমনওয়েল গেমসে মেয়েদের এককে সোনা জেতার পর সে বছরই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি। ২০০৮ বিশ্ব চ্যাম্পিয়নশিপের বালিকা এককেও চ্যাম্পিয়ন হয়েছিলেন হরিয়ানায় জন্ম নিয়ে হায়দরাবাদে বেড়ে ওঠা সাইনা।
এই ইভেন্টে সোনা জিতেছেন চীনের জুরুই লি। ফাইনালে স্বদেশের ইহান ওয়াংকে ২১-১৫, ২১-২৩, ২১-১৭ পয়েন্টে হারিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২১ঘ.
bdnews24