ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে জুডোয় সবচেয়ে সফল দল রাশিয়া। প্রতিযোগিতায় দেশটির ৩টি সোনাই এসেছে জুডো থেকে।
এছাড়া ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া জিতেছে দুটি করে সোনা। পদক তালিকার শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, জাপান, কিউবা, ব্রাজিল, জর্জিয়া ও স্লোভেনিয়াও জিতেছে একটি করে সোনা। এর মধ্যে শেষ তিনটি দল অলিম্পিকে এখন পর্যন্ত এই একটি সোনাই জিতেছে।
শুক্রবার শেষ দুই ইভেন্টে সোনা জিতেছে ফ্রান্স ও কিউবা। পুরুষদের হেভিওয়েটে (১০০ কেজির ওপরে) রাশিয়ার আলেক্সান্ডার মিখাইলিনকে হারিয়ে সোনা জিতেছেন ফ্রান্সের টেডি রেইনার। ব্রোঞ্জ জিতেছেন ব্রাজিলের রাফায়েল সিলভা ও জার্মানির আন্দ্রেস টোয়েলজার।
মহিলাদের হেভিওয়েটে (৭৮ কেজির ওপরে) জাপানের মিকা সুগিমোতোকে হারিয়ে কিউবাকে সোনা এনে দিয়েছেন আইডালেস অরিটজ। ব্রোঞ্জ জিতেছেন চীনের ওয়েন টং ও যুক্তরাজ্যের কারিনা ব্রেয়ান্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২০ ঘ.
bdnews24