২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়িংয়ে ২ সোনা নিউজিল্যান্ডের

লন্ডন অলিম্পিকে শুক্রবার রোইংয়ের চারটি সোনার দুটিই ঘরে তুলেছে নিউজিল্যান্ড। যুক্তরাজ্য ও জার্মানি জিতেছে একটি করে সোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 12:44 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে শুক্রবার রোইংয়ের চারটি সোনার দুটিই ঘরে তুলেছে নিউজিল্যান্ড। যুক্তরাজ্য ও জার্মানি জিতেছে একটি করে সোনা। পুরুষদের পেয়ারে নিউজিল্যান্ডের এরিক মারে ও হামিশ বন্ড ৬ মিনিট ১৬.৬৫ সেকেন্ড সময় নিয়ে জিতে দেশকে লন্ডন অলিম্পিকে তৃতীয় সোনা এনে দেন। ৬ মিনিট ২১.১১ সেকেন্ড সময় নিয়ে ফ্রান্স রূপা ও ৬ মিনিট ২১.৭৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে যুক্তরাজ্য। এর আগে পুরুষদের একক স্কালসে ৬ মিনিট ৫৭.৮২ সেকেন্ড সময় নিয়ে চেক রিপাবলিকের সাইনেক অন্দ্রেজ (৬ মিনিট ৫৭.৮২ সেকেন্ড) ও যুক্তরাজ্যের অ্যালান ক্যাম্পবেলকে (৭ মিনিট ৩.২৮ সেকেন্ড) পেছনে ফেলে সোনা জেতেন নিউজিল্যান্ডের মাহে ড্রাইসডেল। লন্ডন অলিম্পিকে নিউজিল্যান্ডের এ পর্যন্ত পাওয়া তিনটি সোনাই এসেছে রোয়িং থেকে। এ খেলায় যুক্তরাজ্যকে হটিয়ে শীর্ষে আছে দেশটি। রোয়িং বা নৌকাবাইচে মহিলা ডাবল স্কালসে সোনা জিতেছে যুক্তরাজ্য। ৬ মিনিট ৫৫.৮২ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে স্বাগতিকদের অলিম্পিকে ষষ্ঠ সোনা এনে দিয়েছেন আনা ওয়াটকিনস ও ক্যাথরিন গ্রেইনজার। পুরুষদের কোয়াড্রাপল স্কালসে সোনা জিতেছে জার্মানি। ৫ মিনিট ৪২.৪৮ সেকেন্ড সময় নিয়ে জার্মানি পেছনে ফেলেছে ক্রোয়েশিয়া (৫ মিনিট ৪৪.৭৮ সেকেন্ড) ও অস্ট্রেলিয়াকে (৫ মিনিট ৪৫.২২ সেকেন্ড)। অলিম্পিকে নৌ চালনার খেলা মোট তিনটি - ক্যানু, রোয়িং ও সেইলিং। এর মধ্যে রোয়িংয়ে সোনার সংখ্যা ১৪টি। একদাড়ি, দুইদাড়ি, চারদাড়ি ও আটদাড়ির ১৪টি ইভেন্টই ২ হাজার মিটারের। রোয়িংয়ে বৈঠাগুলো সংযুক্ত থাকে নৌকার কাঠামোতে। কোনো ইভেন্টে প্রতিযোগীদের এক হাতে বৈঠা থাকে, কোনটায় দুহাতেই থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৮৩২ ঘ.