ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের পঞ্চম দিনে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে বিশ্বের দ্রুততম সাঁতারুর খেতাব জিতেছেন যুক্তরাষ্ট্রের নাথান আড্রিয়ান।
পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতেছেন হাঙ্গেরির দানিয়েল গিউয়ের্তা।
সাঁতারে সবচেয়ে মর্যাদার ইভেন্ট পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে এক চুলের ব্যবধানে জিতেছেন আড্রিয়ান (৪৭.৫২ সেকেন্ড)। অস্ট্রেলিয়ার বিশ্ব চ্যাম্পিয়ান জেমস ম্যাগনুসেনের সঙ্গে তার সময়ের পার্থক্য মাত্র দশমিক ০১ সেকেন্ড। ৪৭.৮০ সেকেন্ড সময় নিয়ে কানাডার ব্রেন্ট হাইডেন ব্রোঞ্জ জেতেন।
১৯৮৮ সালের পর এ ইভেন্টে প্রথম মার্কিনি হিসেবে সোনা জিতলেন আড্রিয়ান।
পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ২ মিনিট ৭.২৮ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ে হাঙ্গেরিকে অলিম্পিকের দ্বিতীয় সোনা এনে দিয়েছেন দানিয়েল গিউয়ের্তা।
২ মিনিট ৭.৪৩ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাজ্যের মাইকেল জেমিসন ও ২ মিনিট ৮.২৯ সেকেন্ড সময় নিয়ে জাপানের রায়ো তাতেইশি ব্রোঞ্জ জিতেছেন।
মাত্র চার বছর বয়সে পানিতে নামা এই সাঁতারু তৃতীয় অলিম্পিকে এসেছিলেন সোনার পদক জয়ের লক্ষ্য নিয়ে। ২০০৪ সালের এথেন্স অলিম্পেকে রৌপ্য পেলেও বেইজিং অলিম্পিকে পঞ্চম হয়েছিলেন তিনি।
মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৭ মিনিট ৪২.৯২ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। মিসি ফ্রাঙ্কলিন, ডানা ভলমার, শ্যানন ভিরিল্যান্ড ও অ্যালিসন স্মিটের হাত ধরে এসেছে সাঁতারে যুক্তরাষ্ট্রের অষ্টম সোনা। লন্ডন অলিম্পিকে স্মিট, ভলমার ও ফ্রাঙ্কলিনের এটি দ্বিতীয় সোনা।
৭ মিনিট ৪৪.৪১ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়া রূপা ও ৭ মিনিট ৪৭.৪৯ সেকেন্ড সময় নিয়ে ফ্রান্স ব্রোঞ্জ জেতে।
মহিলাদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৪.০৬ সেকেন্ড সময় নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়ে চীনকে সাঁতারের চতুর্থ সোনা এনে দেন জিয়াও লিউইয়াং। এর আগে বেইজিং অলিম্পিকে এই ইভেন্টে রূপা জিতেছিলেন তিনি।
২ মিনিট ৫.২৫ সেকেন্ড সময় নিয়ে স্পেনের মাইরিয়া বেলমন্তে গার্সিয়া এবং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে জাপানের হোশি নাতসুমি ব্রোঞ্জ জেতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১২১৬ ঘ.
bdnews24