ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের পঞ্চম দিন শেষে পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে চীন। ১৭ সোনা, ৯ রূপা ও ৪ ব্রোঞ্জসহ তাদের অর্জন ৩০টি পদক। ১২ সোনা, ৮ রূপা ও ৯ ব্রোঞ্জসহ ২৯টি পদক নিয়েই দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। ৬ সোনা ২ রূপা ও ৪ ব্রোঞ্জসহ ১২টি পদক জেতা দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয়।
টেবিল টেনিস
মহিলা এককের সোনা যে চীনের ঘরে যাচ্ছে, তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কারণ ফাইনালে চীনেরই দুই খেলোয়াড় মুখোমুখি হয়েছিলেন। বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের লড়াইয়ে জিতেছেন জিয়াওজিয়া লি। নিং ডিংকে হারিয়ে দেশকে পঞ্চদশ সোনা এনে দিয়েছেন মাত্র ৭ বছর বয়স থেকে টেবিল টেনিস শুরু করা লি।
ডাইভিং
ডাইভিংয়ে প্রত্যাশিত চতুর্থ সোনা পেয়েছে চীন। পুরুষদের সিনক্রোনাইজড ৩ মিটার ¯িপ্রংবোর্ডে ৪৭৭ স্কোর করে দেশকে চতুর্দশ সোনা এনে দিয়েছেন লাও ইউটং ও কুইন কাই। ডাইভিংয়ের আটটি সোনাই জেতার লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে তারা। ৪৫৯.৬৩ স্কোর করে রাশিয়া রুপা ও ৪৪৬.৭০ স্কোর করে যুক্তরাষ্ট্র ব্রোঞ্জ জিতেছে।
ভারোত্তোলন
মহিলাদের ৬৯ কেজি ওজন শ্রেণীতে জিতে উত্তর কোরিয়াকে চতুর্থ সোনা এনে দিয়েছেন রিম জং স্লিম। ২৬১ কেজি ওজন তুলে তিনি পেছনে ফেলেছেন রুমানিয়ার ড্যানিয়েলা রোক্সানা কোকোস ও বেলারুশের মারিয়ানা শখেরমানকোভাকে।
জুডো
পুরুষদের ৯০ কেজি ওজন শ্রেণীতে কিউবার অ্যাশলি গনজালেসকে হারিয়ে দক্ষিণ কোরিয়াকে পঞ্চম সোনা এনে দিয়েছেন সং দায়ে-নাম।
মহিলাদের ৭০ কেজি ওজন শ্রেণীতে জার্মানির কার্স্টিন থিলেকে হারিয়ে ফ্রান্সকে পঞ্চম সোনা এনে দিয়েছেন লুসি ডেকোসি।
সাইক্লিং
পুরুষদের ব্যক্তিগত টাইম ট্রায়ালে ৫০ মিনিট ৩৯.৫৪ সেকেন্ড সময় নিয়ে স্বাগতিক যুক্তরাজ্যকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন ব্র্যাডলি উইগিন্স। ৫১ মিনিট ২১.৫৪ সেকেন্ড সময় নিয়ে জার্মানির টনি মার্টিন রুপা ও ৫১ মিনিট ৪৭.৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাজ্যের ক্রিস্টোফার ফ্রমি ব্রোঞ্জ জিতেছেন।
মহিলাদের ব্যক্তিগত টাইম ট্রায়ালে জিতে যুক্তরাষ্ট্রকে দশম সোনা এনে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টিন আর্মস্ট্রং। ৩৭ মিনিট ৩৪.৮২ সেকেন্ড সময় নিয়ে তিনি পেছনে ফেলেছেন জার্মানির জুডিথ আর্নডট (৩৭ মিনিট ৫০.২৯ সেকেন্ড) ও ওলগা জাবেলিন্সকায়াকে (৩৭ মিনিট ৫৭.৩৫ সেকেন্ড)।
শূটিং
মহিলাদের ২৫ মিটার পিস্তলে ৭৯২.৪ স্কোর করে দক্ষিণ কোরিয়াকে চতুর্থ সোনা এনে দিয়েছেন কিম জাংমি। ৭৯১.২ স্কোর করে রুপা জিতেছেন চীনের চেন ইং। ৭৮৮.৬ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ওলেনা কোস্তাভিচ।
ক্যানু
পুরুষদের কায়াক (কে-১) এ জিতে ইতালিকে তৃতীয় সোনা এনে দিয়েছেন ড্যানিয়েল মোলমেন্টি। চেক প্রজাতন্ত্রের ভাবরিন্স রাডিলেক ও জার্মানির হার্নেস এইগনারকে পেছনে ফেলেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৪৩ঘ.
bdnews24