ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশী ফুটবলার কমানোর দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির কাছে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড় কল্যান সমিতি। বুধবার প্রায় জনা পঞ্চাশেক ফুটবলার পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুশের্দীর হাতে স্মারক লিপি তুলে দেন।
অবশ্য এই স্মারক লিপিতে জোরালো কোনো বক্তব্য নেই, নেই খেলোয়াড়দের কোন কঠিন অবস্থানও। স্মারকলিপি জমা দিতে আসা জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম জানিয়েছেন, “বিদেশীদের কারণে আমাদের ফুটবলারদের জায়গা হচ্ছে না দলে। গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে বিদেশীদের আধিক্যের কারণে দেশীয় ভালোমানের ফুটবলার বেরিয়ে আসছে না। আশা করছি বাফুফে কর্মকর্তারা তা অনুধাবন করবেন।”
সতীর্থের সঙ্গে সুর মিলিয়েছেন স্ট্রাইকার মিঠুন চৌধুরীও। তিনি বলেন, “বাফুফে কর্মকর্তারা দেশের ফুটবলের কথা চিন্তা করে খেলোয়াড়দের দাবি মেনে নেবেন বলে আশা করছি।”
এদিকে ১৬ আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদল। তাতে গত মৌসুমের মতোই ৭ বিদেশীর রেজিস্ট্রেশন ও ৪ জন খেলানোর নিয়ম রেখেছে লিগ কমিটি।
বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী আশ্বস্ত করেছেন, “খেলোয়াড়দের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। এই বিষয় নিয়ে বৃহস্পতিবার সভায় বসবো আমরা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০৩০ঘ.
bdnews24