ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেইজিং অলিম্পিকে ৮ সোনা জয়ের বিস্ময়কর কীর্তি গড়া মাইকেল ফেলপস লন্ডনেও কম বিস্ময়ের জন্ম দিচ্ছেন না। মঙ্গলবার প্রিয় ইভেন্ট ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১৯০ মিটার পর্যন্ত এগিয়ে থেকেও সোনা জিততে পারেননি অনেকের মতেই সর্বকালের সেরা সাঁতারু। সবাইকে হতবাক করে মাত্র .০৫ সেকেন্ডে ফেলপসকে পেছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লস।
১ মিনিট ৫২.৯৬ সেকেন্ড সময় নিয়ে, আফ্রিকান রেকর্ড গড়ে এবারের অলিম্পিকে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় সোনা এনে দেয়া ক্লস যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফেলপসকে (১ মিনিট ৫৩.০১ সেকেন্ড) হারিয়েছেন তিনি। ব্রোঞ্জ পাওয়া জাপানের তাকেশি মাতসুদা (১ মিনিট ৫৩.২১ সেকেন্ড) বেশ পেছনেই ছিলেন দুজনের।
প্রথম পুরুষ সাঁতারু হিসেবে টানা তিন অলিম্পিকে একই ইভেন্টে সোনা জয়ের সুযোগ ছিলো ফেলপসের সামনে। কিন্তু শেষ মুহূর্তের ভুলে নষ্ট হলো সুযোগটা।
৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চতুর্থ হয়েও কীর্তিটা গড়ার সুযোগ নষ্ট করেছেন তিনি। তবে এখনো ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার বাটারফ্লাইয়ে টানা তিনটি সোনা জয়ের সুযোগ আছে তার।
৪ঢ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে রায়ান লোক্টির ব্যর্থতায় রুপা জিতেছে যুক্তরাষ্ট্র।
এখনো ইতিহাসের পাতায় নাম লেখাতে না পারলেও দুটো রুপা পাওয়ায় ১৪টি সোনাসহ ১৮টি পদক জিতে অলিম্পিকে সর্বোচ্চ পদক জয়ী রাশিয়ার কিংবদন্তি জিমন্যাস্ট লারিসা লাতিনিনার পাশে দাঁড়িয়েছেন ফেলপস।
ফেলপস ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রকে হতাশ করেননি অ্যালিসন স্মিট। মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে ১ মিনিট ৫৩.৬১ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রকে অষ্টম সোনা এনে দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১৩৬ঘ.
bdnews24