ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘরোয়া মৌসুম শুরুর আগেই জাতীয় দল নিয়ে ব্যস্ততা শুরুর পরিকল্পনা নিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। ঈদের পরপরই জাতীয় দল গঠনে তৎপরতা শুরুর করেছে নবগঠিত এই কমিটি।
মঙ্গলবার কমিটির প্রথম সভা শেষে নতুন চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, “এসএ গেমস ফুটবল, এএফসি চ্যালেঞ্জ কাপ ও রাশিয়ায় অনূর্ধ্ব-১৮ দলের সফরকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের জাতীয় দল গঠনে ক্যাম্প শুরু হয়ে যাবে ঈদের পরপরই।”
ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় এসএ গেমসকে সামনে রেখে অনূর্ধ্ব-২৩ জাতীয় দল গঠন করা হবে। এরপর আগামী বছর মার্চে বাংলাদেশ জাতীয় দল খেলবে এএফসি চ্যালেঞ্জ কাপ। এছাড়া আগামী বছর জানুয়ারিতে রাশিয়ায় একটি টুর্নামেন্টে অংশ নেয়ার কথা বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ জাতীয় দলের।
এদিকে জাতীয় দলের জন্য একজন বিদেশী কোচ আনারও পরিকল্পনা নিচ্ছে ন্যাশনাল টিমস কমিটি। বিদেশী কোচের ব্যাপারে অতীত থেকে শিক্ষা নিয়েই সিদ্ধান্ত নিতে চান কাজী নাবিল। তিনি বলেন, “জীবনবৃত্তান্ত দেখে আর কোন কোচ নিয়োগ দেবো না। আমাদের কাছে জীবনবৃত্তান্ত’র চেয়ে রেফারেন্সটাই বেশি গুরুত্ব পাবে।”
বিদেশী কোচের পাশাপাশি জাতীয় দলের জন্য স্বতন্ত্র স্পন্সর নিয়ে আসার ব্যাপারেও একটা পরিকল্পনা রয়েছে নাবিলের। বাফুফের অফিসিয়াল স্পন্সর গ্রামীণফোনের সঙ্গে চুক্তির বিভিন্ন দিক খতিয়ে দেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় ন্যাশনাল টিমস কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৩৫ঘ.
bdnews24