ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অলিম্পিকের তৃতীয় দিনেও চীনের আধিপত্যে ছেদ পড়েনি। ডাইভিং ও ভারোত্তোলনে দুটি সোনা জিতেছে তারা। কোরি মাতসুমোতোর হাত ধরে প্রথম সোনা এসেছে জাপানের।
পুরুষদের সিনক্রোনাইজড ডাইভিংয়ের ১০ মিটার প্ল¬্যাটফর্ম ইভেন্টে ৪৮৬.৭৮ স্কোর করে চীনকে সপ্তম সোনা এনে দিয়েছেন ইউয়ান চাও ও ইয়ানকুয়ান ঝ্যাং। মেক্সিকোর ইভান গার্সিয়া ও জার্মান সানচেজ রুপা (৪৬৮.৯০ পয়েন্ট) এবং যুক্তরাষ্ট্রের ডেভিড বাউডিয়া ও নিকোলাস ম্যাকররি ব্রোঞ্জ (৪৬৩.৪৭) পেয়েছেন।
মেয়েদের ভারোত্তোলনের ৫৮ কেজি ওজন শ্রেণীতে অলিম্পিক রেকর্ড গড়ে চীনকে অষ্টম সোনা এনে দিয়েছেন লি জিউয়িং। ২৪৬ কেজি তুলে থাইল্যান্ডের পিমসিরি সিরিকায়িউকে পেছনে ফেলেছেন তিনি। ব্রোঞ্জ পেয়েছেন ইউক্রেনের ইউলিয়া কালিনা।
মেয়েদের জুডোর ৫৭ কেজি ওজন শ্রেণীতে রুমানিয়ার কোরিনা ক্যাপ্রিয়োরিউকে হারিয়ে জাপানকে প্রথম সোনা জয়ের আনন্দে ভাসানোর কৃতিত্ব মাতসুমোতোর।
পুরুষদের জুডোর ৭৩ কেজি ওজন শ্রেণীতে জাপানের রিকি নাকায়াকে হারিয়ে রাশিয়াকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন মানসুর ইসায়েভ।
পুরুষদের শূটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুমানিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন জর্জ মলদোভিয়ানু। ইতালির নিকোলো কামপ্রিয়ানি রুপা ও ভারতের গগন নারাং ব্রোঞ্জ পেয়েছেন। লন্ডন অলিম্পিকে এটিই ভারতের প্রথম পদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১৩৩ঘ.
bdnews24