ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্চারির র্যাংকিং রাউন্ডে ৬১তম হয়েছিলেন। আসল লড়াইয়ে অর্থাৎ প্রথম রাউন্ডেও ব্যর্থ ইমদাদুল হক মিলন। স্বাগতিক যুক্তরাজ্যের ল্যারি গডফ্রের কাছে হেরে এবারের মতো অলিম্পিককে বিদায় জানিয়েছেন তিনি।
ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত মাঠ লর্ডসে মিলন হার মেনেছেন ৬-০ পয়েন্টে। অবশ্য স্কোর দেখলে মনে হবে ভালোই লড়াই হয়েছে। গডফ্রের স্কোর ৮৪, আর মিলনের ৬৩।
প্রথম সেটে ২৬, দ্বিতীয় সেটে ১৮ ও তৃতীয় সেটে ১৯ স্কোর করলেও একটিও পয়েন্ট পাননি মিলন।
অন্যদিকে গডফ্রে প্রথম সেটে ২৯ স্কোর করে ২ পয়েন্ট পেয়েছেন। এবং পরের দুই সেটে যথাক্রমে ২৭ ও ২৮ স্কোর করে আরো ৪ পয়েন্ট নিয়ে জিতেছেন সহজেই।
লন্ডন থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালিউল্লাহ টেলিফোনে জানিয়েছেন, “পাঁচ সেটের প্রতিযোগিতার প্রথম তিন সেটেই হেরে গেছেন মিলন। তাই পরের দুটো সেট খেলার প্রয়োজন হয়নি।”
“অবশ্য মিলনের প্রতিপক্ষ ছিলো খুবই শক্তিশালী। বিশ্বসেরা পঁাঁচ আর্চারের মধ্যে তার অবস্থান,” যোগ করেন তিনি।
র্যাংকিং রাউন্ডে গডফ্রের অবস্থান ছিলো চতুর্থ। সেখানে তার স্কোর ছিলো ৬৮০। আর মিলনের স্কোর ছিলো ৬৩৬।
এর আগে বাংলাদেশের শূটার শারমিন আক্তার রতœা ১০ মিটার এয়ার রাইফেলে ২৭তম হয়েছেন। ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিমন্যাস্ট সাইক সিজারও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/০১১৪ঘ.
bdnews24