২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে প্রথম পদক এনে দিলেন নারাং

এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদক বিজয়ী শূটার গগন নারাং। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের অলিম্পিকে ভারতের প্রথম পদক বিজয়ী শূটার গগন নারাং। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০০৮ বেইজিং অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়া অভিনব বিন্দ্রা অবশ্য হতাশ করেছেন স্বদেশকে। ৪৭ জনের মধ্যে ষোড়শ হয়েছেন অলিম্পিকে ভারতকে প্রথম ব্যক্তিগত সোনা এনে দেয়া বিন্দ্রা। ৭০২.১ স্কোর করে রুমানিয়ার অ্যালিন জর্জ মলদোভিয়ানু সোনা এবং ৭০১.৫ স্কোর নিয়ে ইতালির নিকোলো কামপ্রিয়ানি রুপা জিতেছেন এই ইভেন্টে। নারাংয়ের স্কোর ৭০১.১। উত্তেজনাপূর্ণ লড়াইয়ের শেষ দুই শটে ১০.৩ ও ১০.৭ স্কোর করে চীনের ওয়াং তাওকে (৭০০.৪) পেছনে ফেলেছেন তিনি। ব্রোঞ্জ পেলেও এই প্রাপ্তিতে খুশি ভারতের ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন। তিনি বলেন, “একটি ব্রোঞ্জও উৎসাহব্যঞ্জক হতে পারে। এটা ভারতীয় প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে সাহায্য করবে। পদক পাওয়ার মতো অনেক প্রতিযোগীই আমাদের দলে আছে। মনে হচ্ছে এটা কেবলই শুরু।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৫ঘ.