ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার হন্ডুরাসের কাছে ১-০ গোলে হেরে লন্ডন অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন।
এটা তাদের টানা দ্বিতীয় হার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে একই ব্যবধানে হেরে গিয়েছিলো তারা।
সেন্ট জেমস পার্কে খেলার ৭ মিনিটে চমৎকার হেডে ম্যাচের একমাত্র গোলটি করেন হন্ডুরাসের স্ট্রাইকার জেরি বেংসন। দুই ম্যাচে ২৫ বছর বয়সী এই খেলোয়াড়ের এটি তৃতীয় গোল।
২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে জাপান। সমান খেলায় ৪ পয়েন্ট পাওয়া হন্ডুরাস আছে দ্বিতীয় স্থানে। ২ খেলায় ১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থারে মরক্কো। এখনও কোনো পয়েন্ট না পাওয়া স্পেনের শেষ খেলা মরোক্কোর সঙ্গে।
এদিন অন্য ম্যাচে যুক্তরাজ্য ৩-১ গোলে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। ওয়েম্বলি স্টেডিয়ামে যুক্তরাজ্যের হয়ে ১৬ মিনিটে রায়ান গিগস, ৭৩ মিনিটে স্কট সিনক্লেয়ার ও ৭৬ মিনিটে ড্যানিয়েল স্টুরিজ গোল তিনটি করেন। ৬০ মিনিটে রশিদ ঈসা একটি গোল পরিশোধ করেন।
‘এ’ গ্র“পে ২ খেলায় ৪ পয়েন্টি নিয়ে শীর্ষে অবস্থান করছে যুক্তরাজ্য। সমান খেলায় সেনেগালের পয়েন্টও ৪। ২ খেলায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের পয়েন্ট ৩। সংযুক্ত আরব আমিরাত এখনো কোনো পয়েন্ট পায়নি। সবারই একটি করে খেলা বাকি আছে।
এদিকে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে দক্ষিণ কোরিয়া।
সিটি অফ কভেন্ট্রি স্টেডিয়ামে ৫৭ মিনিটে চুইয়াং পার্ক ও ৬৪ মিনিটে বোকইয়ং কিম দক্ষিণ কোরিয়ার হয়ে গোল দুইটি করেন।
‘বি’ গ্র“পে ২ খেলায় ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মেক্সিকো। সমান খেলায় দক্ষিণ কোরিয়ার পয়েন্টও ৪, অবস্থান দুই নম্বরে। সুইজারল্যান্ড ও গ্যাবন দুদলেরই পয়েন্ট ১।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১২৫৯ ঘ.
bdnews24