ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের দ্বিতীয় দিনেও বজায় রয়েছে চীনের আধিপত্য। রোববার পদক তালিকায় নাম উঠেছে যুক্তরাজ্যের। মেয়েদের সাইক্লিংয়ে রুপা পেয়েছে স্বাগতিকরা ।
৬টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে চীন। ২টি সোনা, ৩টি রুপা ও ২টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে আছে ইতালি।
মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার ¯িপ্রংবোর্ড ডাইভিংয়ে ৩৪৬.২০ পয়েন্ট স্কোর করে চীনকে ষষ্ঠ সোনা এনে দিয়েছেন হি জিই ও উয়ো মিনজিয়া। এ নিয়ে টানা তিনটি অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতলেন মিনজিয়া।
মেয়েদের সাইক্লিংয়ে রোড রেস ইভেন্টে প্রথম হয়ে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন নেদারল্যান্ডসের ভস ম্যারিয়ানে। ৩ ঘন্টা ৩৫ মিনিট ২৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি। ফটো ফিনিশে দ্বিতীয় হয়েছেন যুক্তরাজ্যের লিজি আরমিটস্টেড।
মেয়েদের ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণীতে অলিম্পিক রেকর্ড গড়ে কাজাখস্তানকে দ্বিতীয় সোনা এনে দিয়েছেন জুলফিয়া চিনশানল। মোট ২২৬ কেজি ওজন তুলে তিনি পেছনে ফেলেছেন তাইওয়ানের হসু শু-চিং ও মলদোভার ক্রিস্টিনা আইয়োভুকে।
মেয়েদের দলগত আর্চারিতে চীনকে (২০৯) হারিয়ে দ্বিতীয় সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া (২১০)। রাশিয়াকে (২০৭) হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জাপান (২০৯)।
মেয়েদের জুডোর ৫২ কেজি ওজন শ্রেণীতে কিউবার বারময় অ্যাকোস্টাকে সাডেন ডেথে হারিয়ে উত্তর কোরিয়াকে প্রথম সোনা এনে দেন অন কুম অয়ি।
আর ৬৬ কেজি ওজন শ্রেণীর জুডোতে হাঙ্গেরির মিকলোস আনগভারিকে হারিয়ে জর্জিয়াকে প্রথম সোনা এনে দিয়েছে লাসা সাভদাতোয়াসভলি। ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার চো জুন-হো।
পুরুষদের ফেন্সিংয়ে ব্যক্তিগত সেবারে ইতালির দিয়েগো ওকিউজ্জিকে ১৫-৮ ব্যবধানে হারিয়ে হাঙ্গেরিকে প্রথম সোনা এনে দিয়েছেন অ্যারন জিলগায়ি। এই ইভেন্টে গত দুই আসরের চ্যাম্পিয়ন ও র্যাংকিংয়ের শীর্ষ তিন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালেই উঠতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০১২৯ঘ.
bdnews24