ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শূটার শারমিন আক্তার রত্নার পর জিমন্যাস্ট কাজী সাইক সিজারও অলিম্পিকে ব্যর্থ। বাছাই পর্ব থেকেই বিদায় নিতে বাধ্য হওয়া সিজার ছয়টি ইভেন্টের মধ্যে দুটিতে অংশ নিতে পারেননি। তাই র্যাংকিংয়েও থাকতে পারেননি তিনি।
লন্ডন থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালিউল্ল¬াহ টেলিফোনে জানিয়েছেন, “সিজারের চোট সমস্যা ছিল। হাতে ব্যথা থাকায় সে প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে একেবারে খারাপও বলা যাবে না।”
“আমরা তার কাছ থেকে যা আশা করেছিলাম তা হয়তো পাইনি। তবে চোট না থাকলে হয়তো ভালো করতে পারতো,” যোগ করেন তিনি।
চারটি ইভেন্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছেন সিজার। ফ্লোর এক্সারসাইজে ১৪.৬৬৬ স্কোর করে ২৯তম, প্যারালাল বারে ১৪.৭৬৬ স্কোর করে ২৭তম, হরাইজন্টাল বারে ১৩.৭০০ স্কোর করে ৫০তম এবং রোমান রিং ইভেন্টে ১৪.৫৩৪ স্কোর করে ৩৪তম হয়েছেন তিনি। তবে পোমেল হর্স ও ভল্টিং হর্স ইভেন্টে অংশ নিতে পারেননি।
যুক্তরাষ্ট্র প্রবাসী সিজারকে নিয়ে বিওএ কর্মকর্তারা দারুণ আশাবাদী ছিলেন। প্রায় ২০ লাখ টাকা খরচ করে যুক্তরাষ্ট্রেই স্থানীয় কোচের অধীনে তাকে দীর্ঘদিন প্রশিক্ষণ দেয়া হয়েছিলো।
কিন্তু আসল লড়াইয়ে সিজার ব্যর্থ। যেমন ব্যর্থ রত্নাও। ৩৯৩ স্কোর করে ১০ মিটার এয়ার রাইফেলে রত্নার অবস্থান ২৭তম।
সোমবার ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত মাঠ লর্ডসে আর্চারির মূল লড়াইয়ে নামবেন ইমদাদুল হক মিলন। র্যাংকিংয়ে ৬১তম হয়েছেন তিনি।
২ আগস্ট সাঁতারের ৫০ মিটার ফ্রিস্টাইলে মাহফিজুর রহমান সাগর এবং ৪ আগস্ট অ্যাথলেটিক্সের ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন দেশের দ্রুততম মানব মোহন খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৮ঘ.
bdnews24