২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের পর্দা ওঠার অপেক্ষা

পুরো বিশ্ব এখন তাকিয়ে লন্ডনের দিকে। কিছুক্ষণ পরেই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 08:40 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরো বিশ্ব এখন তাকিয়ে লন্ডনের দিকে। কিছুক্ষণ পরেই জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিকের। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১২ মিনিটে (মান সময় ২০১২, ২০১২ সালের প্রতীক হিসেবে) শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। অবশ্য টিভিতে তা স¤প্রচার শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় রাত ২টায়)। এটি লন্ডনে তৃতীয় অলিম্পিক। এর আগে ১৯০৮ ও ১৯৪৮ সালে অলিম্পিক আয়োজন করেছিল ইংল্যান্ড ও যুক্তরাজ্যের রাজধানী। স্থানীয় সময় সকাল ৮টা ১২ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ১২ ঘন্টা আগে ৩ মিনিটে ৪০ বার ঘণ্টাধ্বনির মাধ্যমে বিগ বেন ঘোষণা করেছে অলিম্পিকের আগমনী বার্তা। ৬০ বছর পর প্রতি ঘন্টায় ঘণ্টা বাজানোর ব্যতিক্রম করলো বিগ বেন। এর আগে ১৯৫২ সালের ১৫ ফেব্র“য়ারি রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর সর্বশেষ নির্ধারিত সময়ের বাইরে বেজেছিল বিগ বেন। শুধু লন্ডনের বিগ বেনই নয় যুক্তরাজ্যের সব ঘণ্টাই বেড়ে উঠে এক সুরে। ৮ হাজার বহনকারীর হাত ঘুরে ৮ হাজার মাইল পথ পরিক্রমার শেষ পর্যায়ে অলিম্পিক মশাল। মশাল র‌্যালিকে ঘিরেও উৎসবের রঙে সেজেছে রেকর্ড তিনবারের অলিম্পিক আয়োজক লন্ডন। রাজকীয় নৌযান গে¬ারিয়ানায় সন্ধ্যায় সিটি হলে পৌঁছেছে মশাল। অবশ্য সর্বশেষ কার হাতে থাকবে অলিম্পিক মশাল, উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগেও তার উত্তর জানা নেই কারো। বক্সিং কিংবদন্তী মোহাম্মদ আলী থেকে শুরু করে অলিম্পিকে ৫ সোনা জয়ী স্টিভ রেডগ্রেভ, প্রিন্স উইলিয়াম ও ফুটবলার ডেভিড বেকহ্যামের নাম শোনা গেলেও কেউই তা নিশ্চিত করেন নি। উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক ড্যানি বয়েলের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হবে যুক্তরাজ্যের গ্রামের ‘সবুজ’ পটভূমি। সত্যিকারের খামারের গবাদিপশুই ব্যবহার করছেন বয়েল। অস্কারজয়ী ড্যানি বয়েল জানিয়েছেন, ‘সবাইকে সন্তুষ্ট’ করার পরিকল্পনা তার ছিল না। তার ভাষ্য অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান দেশটির সব বিশৃঙ্খলা, বিতর্ক ও জটিলতাকেই উদযাপন করবে। সঙ্গীত পরিচালনায় থাকছেন ইংল্যান্ডের ব্যান্ড ‘আন্ডারওয়ার্ল্ড’-এর বিখ্যাত জুটি রিক স্মিথ ও কার্ল হাইড। ‘যুক্তরাজ্যের গর্ব’ সিক্রেট এজেন্ট জেমস বন্ডও থাকছেন অনুষ্ঠানে। বর্তমান বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগ অভিনীত একটি শর্ট ফিল্ম দেখানো হবে বিশাল পর্দায়। অনুষ্ঠানের শেষ দিকে থাকছে ‘বিটলস’ এর স্যার পল ম্যাককার্টনির গান। ভারতের জনপ্রিয় সুরকার এ আর রেহমানের সুর করা একটি পাঞ্জাবি গানও থাকছে। কে থাকবেন না উদ্বোধনী অনুষ্ঠানে? অনুষ্ঠানের অংশ হয়ে গেছেন উইলিয়াম শেক্সপিয়ারও। তার অমর রচনা ‘টেমপেস্ট’ রয়েছে বয়েলের পরিকল্পনায়। থাকবেন চার্লস ডিকেন্স, চার্লস ডারউইন ও আইজ্যাক নিউটিনও। অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন রানী এলিজাবেথ। রানীর স্বামী ‘ডিউক অব এডিনবরা’ প্রিন্স ফিলিপ এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সভাপতি সেবাস্টিয়ান কো। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের অনেক দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। ২০১২ থেকে ৫০ পাউন্ড মূল্যের ১১ মিলিয়ন টিকেট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। অলিম্পিক বাজেটের এক তৃতীয়াংশ, ২৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য, অর্থনৈতিক রূপান্তর ও ১৯ শতকের শিল্প বিপ¬ব থেকে ও হালের পপ সংস্কৃতির প্রাধান্য থাকবে। অলিম্পিক মন্ত্রী জেরেমি হান্ট এরই মধ্যে একে ‘যুক্তরাজ্যের বৃহৎ একক বিজ্ঞাপন’ হিসেবে আখ্যায়িত করেছেন। সমৃদ্ধ অতীত ও রোমাঞ্চকর ভবিষ্যতের দেশ ব্রিটেনের সেরাটা দেখাতে এটাকে দারুণ এক সুযোগ বলে মনে করেন প্রধান মন্ত্রী ডেভিড ক্যামেরন। এবারের অলিম্পিকে ২৬টি খেলায় ৩০২টি ইভেন্টে ২০৪টি দেশের ১৪ হাজার সাতশ প্রতিযোগী অংশ নিচ্ছেন। আগের মতো এবারও ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশ। শূটিংয়ে শারমিন আক্তার রতœা, আর্চারিতে ইমদাদুল হক মিলন, সাঁতারে মাহফিজুর রহমান সাগর, অ্যাথলেটিক্সে মোহন খান ও জিমন্যাস্টিসে সাইক সিজার বাংলাদেশের পাঁচ প্রতিযোগী। ১২ অগাস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের। শুরু হবে ২০১৬ রিও ডি জেনিরো অলিম্পিকের জন্য প্রতীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/০০২৮ ঘ.