ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়েছে ব্রাজিল। তবে এদিন অঘটনের শিকার হয়েছে স্পেন। জাপানের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
বৃহস্পতিবার অন্য মাচে যুক্তরাজ্য ১-১ গোলে ড্র করেছে সেনেগালের সঙ্গে। ৮৪ বছর পর অলিম্পিক ফুটবলে ফিরে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে।
প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে আসা বেলারুশ ১-০ গোলে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
কার্ডিফে মিশরের বিপক্ষে খেলার প্রথম আধা ঘন্টায় ৩ গোল করে ব্রাজিল। ১৬ মিনিটে প্রথম গোল দেন ডিফেন্ডার রাফয়েল। দশ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন লেয়ানদ্রো দামিয়াও। ৩০ মিনিটে ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার তৃতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধে ২টি গোল শোধ করে মিশর। ৫২ মিনিটে মোহামেদ আবু ত্রিকা এবং ৭৬ মিনিটে মুহাফাজাত আল ঘারবিয়া গোল দুইটি করেন।
ম্যাচ শেষে নেইমার বলেন, “আমাদের উন্নতি করতে হবে। কিন্তু একটি জয়ের পর পরবর্তী ম্যাচে আরো উন্নতি করা সবসময়ই বেশি ভালো।”
এর আগে ৩৪ মিনিটে মিডফিল্ডার ইউকি ওতসুর একমাত্র গোলে ১০ জনের স্পেনেকে হারায় জাপান। ৪২ মিনিটে স্পেনের সেন্টার ব্যাক ইনিগো মার্টিনেজ লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৩৬ ঘ.
bdnews24