ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে মঙ্গলবার হামবুর্গের বিপক্ষে বার্সেলোনার প্রীতি ম্যাচে খেলতে পারবেন না লিওনেল মেসি। সোমবার অনুশীলনের সময় চোট পান গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “সোমবার অনুশীলনের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান লিওনেল মেসি। পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।”
জার্মান ক্লাব হামবুর্গ তাদের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাচটি আয়োজন করেছে। বলাই বাহুল্য, ম্যাচটির প্রধান আকর্ষণ ছিলেন মেসি।
নতুন কোচ টিটো ভিলানোভার অধীনে এটাই বার্সেলোনার প্রথম ম্যাচ। গত মৌসুমের শেষে ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলা পদত্যাগ করেন।
আগামী মৌসুম শুরু হওয়ার আগে পাঁচটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০২০ঘ.
bdnews24