২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরি বাফুফে অ্যাকাডেমির কার্যক্রম শুরু

দেরিতে হলেও অবশেষে অ্যাকাডেমির কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দিন-তারিখ এখনো ঠিক না হলেও কিছু দিনের মধ্যেই শুরু হবে দেশের প্রথম ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেরিতে হলেও অবশেষে অ্যাকাডেমির কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দিন-তারিখ এখনো ঠিক না হলেও কিছু দিনের মধ্যেই শুরু হবে দেশের প্রথম ফুটবল অ্যাকাডেমির কার্যক্রম। এই অ্যাকাডেমির জন্য গত ডিসেম্বরে সিলেট বিকেএসপি বুঝে পেয়েছিলো বাফুফে। রোববার ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে দেখা করে অ্যাকাডেমির স্থাপনা পরিচর্যার জন্য অর্থের আশ্বাস পেয়েছেন বাফুফে কর্মকর্তারা। সভাপতি কাজী সালাউদ্দিন ছাড়াও বাফুফের চার সহ-সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অ্যাকাডেমির জিমন্যাশিয়াম, সুইমিং পুল ও আসবাবপত্রের জন্য অর্থ চেয়েছে বাফুফে। ক্রীড়া প্রতিমন্ত্রীও তা দিতে সম্মত হয়েছেন। অবশ্য আপাতত বাফুফেকে নিজেদের খরচে অ্যাকাডেমিকে সাজিয়ে নিতে হবে। পরে ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে টাকা দিয়ে দেবে। বাফুফে সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল রায় জানিয়েছেন, “অ্যাকাডেমির জন্য আমরা শিগগিরি খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আগামী মাসের প্রথম সপ্তাহে এই কার্যক্রম শুরু হবে।” “সারা দেশ থেকে বাছাই করা খেলোয়াড়দের মধ্যে থেকে অ্যাকাডেমির জন্য খেলোয়াড় নেয়া হবে,” যোগ করেন তিনি। এদিকে এই অ্যাকাডেমির জন্য ফিফার কাছ থেকে ৩ লাখ ডলার পেয়েছে বাফুফে। যা এরই মধ্যে তাদের কোষাগারে জমাও হয়েছে। অ্যাকাডেমি পরিচালনার জন্য খরচ করা হবে এই টাকা। ক্রীড়া মন্ত্রণালয় স্থাপনা পরিচর্যা করে দিলেও পরিচালনার জন্য খরচ হবে বাফুফেরই। এই খাতে বছরে কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.